গ্রামীণফোনের সাবেক কর্মীদের ৫ শতাংশ আইনানুগ পাওনা ও বিলম্বজনিত পাওনা আদায়ের আন্দোলনকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে উপস্থাপনের অভিযোগ তুলে মামলার চূড়ান্ত অভিযোগপত্রের (চার্জশিট) প্রতিবাদ জানিয়েছে গ্রামীণফোন ৫ শতাংশ বিলম্ব আদায় ঐক্য পরিষদ।
সংগঠনটির দাবি, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি গ্রামীণফোন হাউসের সামনে তাঁদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের করা মামলার তদন্তে একপক্ষের বক্তব্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ ও আন্দোলনকারীদের বক্তব্য যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি।
সোমবার (২৩ নভেম্বর) প্রতিবাদ বিবৃতিতে সংগঠনটি জানায়, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি গ্রামীণফোন হাউসের সামনে সাবেক কর্মীরা তাঁদের আইনানুগ ৫ শতাংশ পাওনা ও সংশ্লিষ্ট বিলম্বজনিত পাওনা আদায়ের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। তাঁদের অভিযোগ, ওই দিন আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে। একপর্যায়ে তিন নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন হৃদ্রোগে আক্রান্তও ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, ওই ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়। তাঁদের মধ্যে অনেকেই সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। কেউ কেউ ঢাকার বাইরেও অবস্থান করছিলেন। ফলে অভিযুক্তদের উপস্থিতি, শনাক্তকরণ ও ব্যক্তিগত ভূমিকা যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি।
চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ১৫০-২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে আন্দোলনকারীরা গ্রামীণফোন হাউসে জোরপূর্বক প্রবেশ করেন। তাঁরা প্রবেশপথ বন্ধ করে প্রায় এক হাজার কর্মীকে রাত ১২টা ১৫ মিনিট পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন। এ ছাড়া দাঙ্গা-হাঙ্গামা, হুমকি, গালিগালাজ ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।
এসব অভিযোগের বাস্তব ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে সংগঠনটি বলেছে, একই সময়ে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে তাঁদের ছত্রভঙ্গ করে এবং একপর্যায়ে গ্রেপ্তার করে। তাহলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ ও গ্রেপ্তারের পর রাত ১২টা ১৫ মিনিট পর্যন্ত কর্মীদের অবরুদ্ধ রাখার অভিযোগের ভিত্তি কী? এ ক্ষেত্রে গ্রামীণফোনের সিসিটিভি ফুটেজ, প্রবেশ ও নির্গমন রেকর্ড এবং স্বাধীন প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য যাচাই করা হয়েছে কি না, তা স্পষ্ট করা প্রয়োজন।
বিবৃতিতে বলা হয়, চার্জশিটে ২০১২-২০২৪ সাল গ্রামীণফোনের কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। অথচ চাকরির ইতিহাসের সঙ্গে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারির কথিত অপরাধের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। সংগঠনটির দাবি, তাঁরা চাকরিতে পুনর্বহাল বা ব্যক্তিগত কোনো সুবিধা চাননি; চেয়েছেন শ্রমের বিনিময়ে আইনস্বীকৃত পাওনা।
সংগঠনটি তাদের ৫ শতাংশ পাওনার দাবির সঙ্গে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’-এর ২৩৪ ধারায় মুনাফায় শ্রমিকের অংশগ্রহণ এবং ২৪০ ধারায় নির্ধারিত পরিস্থিতিতে বিলম্বজনিত সুদের বিধানের সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেছে। তাদের ভাষ্য, কোনো দাবির চূড়ান্ত আইনগত বৈধতা নির্ধারণের দায়িত্ব আদালতের। তবে অভিযোগকারী প্রতিষ্ঠানের বক্তব্যকে চূড়ান্ত সত্য ধরে নিয়ে অধিকার আদায়ের দাবিকে অনৈতিক বা অযৌক্তিক হিসেবে উপস্থাপন করা নিরপেক্ষতার পরিপন্থী।
চার্জশিটে দণ্ডবিধি, ১৮৬০’-এর ১৪৩, ১৪৭, ৩৪১, ৪৪৭, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। সংগঠনটির মতে, শুধু আইনের ধারা উল্লেখ করলেই অপরাধ প্রমাণিত হয় না। প্রত্যেক অভিযুক্তের ব্যক্তিগত ভূমিকা ও সংশ্লিষ্টতা সুনির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই করা প্রয়োজন।
বিবৃতিতে সংগঠনটি সাত দফা দাবি জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারির ঘটনার সব প্রাসঙ্গিক ভিডিও ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা, পুলিশের লাঠিচার্জ ও জলকামান ব্যবহারের ঘটনা তদন্ত, উভয় পক্ষের বক্তব্য ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সমান গুরুত্বে মূল্যায়ন, ১৫০-২০০ জনের জোরপূর্বক প্রবেশ এবং এক হাজার কর্মীকে অবরুদ্ধ রাখার অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ যাচাই এবং প্রত্যেক অভিযুক্তের পৃথক দায় নির্ধারণ।
এ ছাড়া তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ বাদ পড়লে প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে অধিকতর তদন্ত এবং ৫ শতাংশ আইনানুগ পাওনা ও বিলম্বজনিত পাওনার বিষয়ে ন্যায্য সমাধানের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে সাবেক কর্মীরা তাঁদের পাওনা আদায়ের দাবিতে ধারাবাহিক আন্দোলন করে আসছেন। তাঁরা সংঘাত বা প্রতিহিংসা চান না; চান নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার। কোনো করপোরেট প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক প্রভাব যেন আইনের নিরপেক্ষ প্রয়োগকে প্রভাবিত করতে না পারে, সেই দাবিও জানিয়েছে গ্রামীণফোন ৫ শতাংশ বিলম্ব আদায় ঐক্য পরিষদ।















