নিজস্ব প্রতিবেদক: সরকারি নির্দেশনা ও নিয়োগবিধি উপেক্ষা করে জ্যেষ্ঠ শিক্ষকদের পাশ কাটিয়ে পছন্দের এক জুনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার অভিযোগ উঠেছে বোয়ালখালী গোমদণ্ডী পাইলট মডেল স্কুলে। দায়িত্ব পাওয়া ওই শিক্ষকের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ ও পলাতক আওয়ামী লীগের অঙ্গসংগঠন বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার উপজেলা শাখার দায়িত্বে থাকার অভিযোগও রয়েছে। এ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি বিধি উপেক্ষা করে এমন দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন উঠেছে।
বোয়ালখালী উপজেলা সদরে উপজেলা প্রশাসনের কাছাকাছি অবস্থিত গোমদণ্ডী পাইলট মডেল স্কুলটি এলাকার অন্যতম পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদটি নিয়ে জটিলতা চলায় প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রমেও অস্থিরতা তৈরি হয়েছে। দুর্নীতি ও বোর্ড জালিয়াতির অভিযোগে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক বরখাস্ত হওয়ার পর গত পাঁচ-ছয় বছর ধরে বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের এ অস্থিরতায় প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সর্বশেষ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গত ২৪ নভেম্বর অবসরে যান। অভিযোগ উঠেছে, তাঁর অবসরের আগে সরকারি এমপিও নীতিমালা ও জনবল কাঠামো অনুযায়ী প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ সহকারী শিক্ষককে দায়িত্ব দেওয়ার কথা থাকলেও তা অনুসরণ করা হয়নি। বরং জ্যেষ্ঠতার তালিকায় থাকা চার-পাঁচজন শিক্ষককে পাশ কাটিয়ে জুনিয়র শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে যান তিনি।
অভিযোগকারীদের দাবি, প্রলয় চৌধুরী মুক্তি সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘনিষ্ঠ ও অনুগত। পাশাপাশি তিনি আওয়ামী লীগের অঙ্গসংগঠন বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার বোয়ালখালী উপজেলা শাখার দায়িত্বে রয়েছেন। এ অবস্থায় তাঁর রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং বিধি অনুযায়ী দায়িত্ব পাওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিবিধান অনুসরণ করা বাধ্যতামূলক। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক ও বিএড ডিগ্রি থাকা প্রয়োজন। কিন্তু প্রলয় চৌধুরী মুক্তির বিএড সনদ নিয়েও প্রশ্ন রয়েছে।
তিনি বলেন, ওই শিক্ষক শুধু বিএড ডিপ্লোমাধারী ছিলেন। ২০১০ সালে বিএড করার জন্য এক বছরের ছুটিও নিয়েছিলেন। কিন্তু তাঁকে একাধিকবার সনদ জমা দিতে বলা হলেও তিনি তা দিতে পারেননি। পরবর্তী সময়ে সনদ জমা দিয়েছেন কি না, তা তাঁর জানা নেই।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শওকত আলম। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। নিজেদের মধ্যে কোন্দলের কারণে একটি পক্ষ অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।
এ বিষয়ে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। বিদ্যালয় পরিদর্শক সরেজমিনে তদন্ত করবেন। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

















