স্কুলে করোনায় আক্রান্ত হওয়ার প্রমাণ নেই: শিক্ষা উপমন্ত্রী

312

স্কুলে গিয়ে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এমন প্রমাণ পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Advertisement

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৯ তম আত্মাহুতি দিবসে ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, বিচ্ছিন্নভাবে কোনো কোনো শিক্ষার্থী করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলেও স্কুলে আসার কারণে তারা আক্রান্ত হয়েছেন- তার প্রমাণ নেই। স্কুল বন্ধের সময় শিক্ষার্থীরা বিভিন্ন এলাকায় বেড়াতে গিয়েছেন, সেখান থেকে তারা আক্রান্ত হতে পারেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ বইয়ে ব্রিটিশবিরোধী বিপ্লবীদের কথা লিখে গেছেন। সেখানে তিনি লিখেছেন, বিপ্লবীদের কাছ থেকে তিনি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই-সংগ্রামের অনুপ্রেরণা ও শক্তি পেয়েছেন। ব্রিটিশবিরোধী বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের ইতিহাস পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির জন্য ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

এসময় বিপ্লবীদের অনুসরণ করে অপরাজনীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই-সংগ্রামের জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শিক্ষা উপমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি লোকমান হোসেন এবং কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান, সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি, বীরকন্য স্মৃতি সংরক্ষণ কমিটির আহ্বায়ক মহিম উদ্দিন ও সদস্য সচিব লিটন চৌধুরী রিংকু, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর ও যুগ্ম সম্পাদক সুজন বর্মন।

Advertisement