পথচলা শুরু হলো আরেকটি নতুন ব্যান্ডের। এলআরবি প্রতিষ্ঠাতা সদস্য বেইজিস্ট স্বপন ও পরবর্তী সময়ের ব্যান্ডের ড্রামার রিয়াদসহ আরও কয়েকজন মিউজিশয়ান মিলে গঠন করেছেন লিটল রিভার নামে নতুন এ ব্যান্ড দল।
প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবির পথচলা লিটল রিভার ব্যান্ড নামে শুরু করলেও নতুন এই ব্যান্ড একেবারেই স্বতন্ত্র ও এর সঙ্গে এলআরবি বা তার নামের কোনো সংশ্লিষ্টতা নেই।
ব্যান্ড ‘লিটল রিভার ব্যান্ড’র লাইনআপে রয়েছেন— বেজ গিটারে সাইদুল হাসান স্বপন, ড্রামসে রিয়াদ সরয়ার, গিটারে পুষ্প ফেরদৌস, কি-বোর্ডে রনি ও ভোকালে কাজী আনান।
লিটল রিভার ব্যান্ডের সদস্যরা ইতোমধ্যে তৈরি করছেন তাদের নতুন গান ‘অদ্ভুত পৃথিবী’। গানটি নিজেদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল নাকি অন্য কোনো লেভেল কোম্পানি থেকে প্রকাশ করবেন তা জানানো হবে কিছু দিনের মধ্যেই।
এদিকে আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবস উপলক্ষ্যে তারই স্মরণে ‘লিটল রিভার ব্যান্ড’ ইউটিউবে উন্মুক্ত করেছে ‘ইন মেমোরি অব আইয়ুব বাচ্চু’ শিরোনামের গান। এর কথা লিখেছেন হ্যাভেন ও রনি। গানটি গেয়েছেন কি-বোর্ড প্লেয়ার ও ভোকালিস্ট রনি। এ গানটিতে বেইজ গিটার ছিলেন সাইদুল হাসান স্বপন, ড্রামসে রিয়াদ সরয়ার, কি-বোর্ডে রনি ও গিটারে পুষ্প ফেরদৌস।
এলআরবি শুরুর দিকে লিটল রিভার ব্যান্ড নাম নিয়ে পথচলা শুরু করেছিল ১৯৯১ সালে। কিন্তু অস্ট্রেলিয়াতে এই নামে আরেকটি ব্যান্ড থাকায় তখন লিটল রিভার ব্যান্ড পরিবর্তন করে রাখা হয় লাভ রানস ব্লাইন্ড (এলআরবি)।
নতুন ব্যান্ডের নাম লিটল রিভার ব্যান্ড রাখা প্রসঙ্গে স্বপন বলেন, অস্ট্রেলিয়ান লিটল রিভার ব্যান্ডটি এখন সচল নেই। ওই ব্যান্ডের সবাই অবসরে গেছেন। এ কারণেই আমরা লিটল রিভার ব্যান্ড নামটি বেছে নিয়েছি।
এ ব্যান্ডের জন্মদিন কিন্তু ৫ এপ্রিল। আর আইয়ুব বাচ্চুর প্রতি সম্মানে এই তারিখ চূড়ান্ত করা হয়েছে। এটিকে অন্যভাবে নেওয়ারও কিছু নেই। তাদের ব্যান্ডের নাম এলআরবি নয়, লিটল রিভার ব্যান্ড বলেও পরিষ্কারভাবে উল্লেখ করেন তিনি।
















