পূর্ব বাকলিয়া ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও বাকলিয়া থানা যুবদল নেতা মো. নুর উদ্দীনকে শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে পূর্ব বাকলিয়া চেয়ারম্যান ঘাটা এলাকা থেকে বাকলিয়া থানা পুলিশ গ্রেফতার ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমেদ খান।
শুক্রবার (১৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শুধুমাত্র বিরোধী দলকে দমন করার জন্য গায়েবী মামলা দিয়ে নেতাকার্মীদের পরিকল্পিতভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। এদেশে আজ কারো জীবন নিরাপদ নয়। বিরোধী দলের নিরাপরাধ মানুষ গুলোকে ধরে নিয়ে কারান্তরীণ করে রাখছে সরকার। মানুষ আজ ন্যায় বিচার থেকে বঞ্চিত। আদালতে বিচার নেই। নুর উদ্দীনকে মিথ্যা মামলায় গ্রেফতার তারই অংশ।
নেতৃবৃন্দ বলেন, যুবদল নেতা নুরুদ্দিনকে পুলিশ অবৈধভাবে গ্রেফতার করে শারীরিক নির্যাতন করে কোতোয়ালি থানার মামলায় কারাগারে প্রেরণ করেছে। পুলিশ তাকে রাস্তা থেকে তুলে নিয়ে মিথ্যা মামলায় চালান দিয়ে উল্টো তাকে সন্ত্রাসী হিসাবে প্রচার করছে। নুর উদ্দীন যুবদলের বলিষ্ঠ নেতা, তাই তাকে দমানোর জন্যই এই গ্রেফতারের ঘটনা ঘটিয়েছে। তার মামলাগুলো সব রাজনৈতিক মামলা। এভাবে একজন নিরাপরাধ যুবদল নেতাকে গ্রেফতার ও নির্যাতন চালিয়ে আহত করা অত্যন্ত জঘন্য ঘটনা।
নেতৃবৃন্দ এ ধরনের গ্রেফতার ও নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে নুর উদ্দীনের মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবী জানান।

















