আধুনিক ক্রিকেটে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম ওয়ানডে ম্যাচে বিশেষ একটি হেলথ মনিটরিং ডিভাইস পরে মাঠে নেমে আলোচনায় এসেছেন ভারতের তারকা ক্রিকেটার ও অধিনায়ক শুভমান গিল।
ডিভাইসটির নাম ‘Temple’। কপালের দুই পাশে কানের কাছাকাছি লাগানো এই ছোট ডিভাইসটি তৈরি করেছে জোম্যাটোর সহপ্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েলের সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তি দল।
প্রতিবেদন অনুযায়ী, ডিভাইসটির সম্ভাব্য দাম প্রায় ৮৫ হাজার ভারতীয় রুপি।
ডিভাইসটির কাজ কী?
Temple সাধারণ স্মার্টওয়াচের মতো নয়। এতে রয়েছে অপটিক্যাল সেন্সর এবং ‘BrainFlow’ প্রযুক্তি, যার মাধ্যমে মস্তিষ্কে রক্তপ্রবাহের পরিবর্তন ও শরীরের বিভিন্ন শারীরবৃত্তীয় সংকেত পর্যবেক্ষণের চেষ্টা করা হয়।
এ ছাড়া এর ‘Entropy Score’ শরীরের সামগ্রিক শারীরবৃত্তীয় চাপ সম্পর্কে ধারণা দিতে পারে। ব্যায়াম, ঘুম, মানসিক চাপ ও শারীরিক পরিশ্রমের মতো বিষয় এই স্কোরে প্রভাব ফেলতে পারে।
ক্রিকেটারদের কী উপকার হবে?
এ ধরনের প্রযুক্তি খেলোয়াড়দের শারীরিক চাপ, বিশ্রাম ও পুনরুদ্ধারের অবস্থা বুঝতে সহায়তা করতে পারে। ফলে অনুশীলন ও বিশ্রামের পরিকল্পনা তৈরিতে বাড়তি তথ্য পাওয়া সম্ভব।
তবে শুভমান গিল ঠিক কী কারণে ডিভাইসটি ব্যবহার করছেন, সে বিষয়ে তিনি নিজে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি। এটি ভারতীয় দলের আনুষ্ঠানিক ফিটনেস কর্মসূচির অংশ কি না, সেটিও নিশ্চিত নয়।
ক্রিকেট এখন শুধু ব্যাট-বল আর রান-উইকেটের লড়াই নয়; আধুনিক প্রযুক্তি, বিজ্ঞান ও ডেটা বিশ্লেষণও হয়ে উঠছে খেলাটির গুরুত্বপূর্ণ অংশ।

















