সাশ্রয়ী রক্ষণাবেক্ষণে টেকসই রাস্তার যোগান দেবে চসিক

849

রাস্তা রক্ষণাবেক্ষণে সনাতন পদ্ধতি ছেড়ে এবার আধুনিক প্রযুক্তির প্যাচিং মেশিন ট্রাক এনেছে চট্টগ্রাম সিটি করপোরেশেন (চসিক)। নগরজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সড়কে তৈরি হওয়া ছোট গর্ত বা ফাটল রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছে এ মেশিনটি। ফলে জনগণের ভোগান্তি কমার পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে। সেই সাথে এ মেশিনের সাহায্যে কাজ করলে রাস্তার মেয়াদ আরো দীর্ঘস্থায়ী হবে বলে মনে করছেন চসিক সংশ্লিষ্টরা।

Advertisement

গত রোববার (২৬ ডিসেম্বর) উদ্বোধনের পর থেকে নগরের বিভিন্ন সড়ক রক্ষণাবেক্ষণে ব্যবহার করা হচ্ছে মেশিনটি। সে ধারাবাহিকতায় যুক্তরাজ্য থেকে আনা অত্যাধুনিক যন্ত্রটি দিয়ে আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) নগরের টাইগারপাস এলাকার রাস্তায় তৈরি হওয়া ছোট গর্ত ও ফাটল রক্ষণাবেক্ষণ করা হয়।

এক সময় সনাতন পদ্ধতিতে নগরের রাস্তা রক্ষণাবেক্ষণে কাজ করতো চসিক। দীর্ঘস্থায়ী না হওয়ায় একই রাস্তা বার বার মেরামত করতে হতো। ফলে বাড়তি লোকবল ও ব্যয় বাড়ার পাশাপাশি রাস্তা ব্যবহারযোগ্য করতে সময় লাগতো। রাস্তা বন্ধ থাকায় জনগণকেও পড়তে হতো ভোগান্তিতে। কিন্তু চসিকে রোড মেনটেইন্যান্স ট্রাক যুক্ত হওয়ায় ব্যয় কমার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে রাস্তা রক্ষণাবেক্ষণের কাজ টেকসই হবে।

চসিক সূত্রে জানা গেছে, সড়কের ছোট ছোট গর্ত ও ফাটলগুলো এক সময় বড় আকার ধারণ করে। ফলে একটি সড়ক রক্ষণাবেক্ষণ করতে করতে আরেকটি রাস্তা তৈরির মতোই অর্থ খরচ হয়ে যায়। কিন্তু এই মেশিনের মাধ্যমে রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ করা হলে একদিকে রাস্তা দীর্ঘস্থায়ী হবে, অন্যদিকে ব্যয় ও লোকবলের পরিমাণ কম লাগবে। পাশাপাশি বর্ষা মৌসুমেও রাস্তায় কাজ করতে কোনো ধরনের অসুবিধা হবে না। রাস্তার রক্ষণাবেক্ষণে ব্যবহৃত প্যাচিং মেশিন ট্রাকগুলোতে উন্নতমানের ইমালশন ব্যবহারের ফলে রাস্তার স্থায়িত্ব বাড়ার পাশাপাশি তাৎক্ষণিক যান চলাচল করতে পারবে। তবে বড় বড় গর্ত বা সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া সড়কের জন্য এ মেশিন উপযোগী নয় বলে জানিয়েছে চসিক।

চসিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক সিভয়েসকে বলেন, সনাতন পদ্ধতিতে রাস্তা রক্ষণাবেক্ষণ করতে গেলে আলাদা গাড়ি, বাড়তি লোকবলের প্রয়োজন হতো। রাস্তায় কার্পেটিংয়ের পর তা শুকাতে কয়েক ঘন্টা যান চলাচল করতে পারতো না। ফলে নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হতো। তবে এখন আর সে সমস্যাটি থাকবে না। আমাদের এখন আধুনিক প্রযুক্তির প্যাচিং মেশিন ট্রাক রয়েছে। এই মেশিন দিয়ে নিয়মিত রাস্তা রক্ষণাবেক্ষণ করা যাবে। আধুনিক এই প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে কর্মীদের একটু সময় লাগবে। তবে প্যাচিং মেশিন ট্রাক সরবরাহকারী প্রতিষ্ঠান সিগমার মাধ্যমে প্রশিক্ষণ পেয়ে ইতোমধ্যে আমাদের কর্মীরা এ মেশিন দিয়ে রাস্তায় কাজ করছে। যত দিন যাবে তারা রাস্তা রক্ষণাবেক্ষণের কাজে আরো বেশি দক্ষ ও পারদর্শী হয়ে উঠবে। তখন সময় আরো কম লাগবে।

উল্লেখ্য প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে যুক্তরাজ্য থেকে এডিপির মাধ্যমে ৪টি প্যাচিং মেশিন ট্রাক কিনেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। গত ২৬ ডিসেম্বর নগরের সিআরবি সাত রাস্তার মোড় এলাকায় আধুনিক এই রোড মেইনটেইন্যান্স ট্রাকগুলোর উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

Advertisement