হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা আরও বেগবান করতে সমন্বিত পদক্ষেপ নেয়া হবে: আবু সুফিয়ান

1

চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মান পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে হাসপাতালের চিকিৎসাসেবা আরও বেগবান করতে সমন্বিতভাবে পদক্ষেপ নেয়া হবে। এ হাসপাতালকে রোগীবান্ধব করতে হলে চিকিৎসক-কর্মকর্তা-নার্স ও কর্মচারীদেরকে আরও আন্তরিক হতে হবে। হাসপাতালের ইনডোর, আউটডোর ও জরুরী বিভাগে রোগীরা যাতে তাদের কাঙ্খিত চিকিৎসাসেবা পায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

Advertisement

আজ ৬ আগস্ট বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে কমিটির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মোহাম্মদ আবু সুফিয়ান এমপি এসব কথা বলেন।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নতুনভাবে গঠিত চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা এটি।

সভায় হাসপাতালের জন্য জনবল নিয়োগ, নতুন ভবন নির্মাণে পরিকল্পনা গ্রহণ, পুরাতন জরাজীর্ণ ভবন মেরামত, এনআইসিইউ স্থাপন, প্রসূতি সেবা বৃদ্ধি, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ চিকিৎসা সহায়তা প্রদান, পরিস্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা, অগ্নিনির্বাপক ও দুর্যোগ মোকাবেলায় জরুরী পদক্ষেপ গ্রহণ, নিরাময় ও প্রতিষেধক ব্যবস্থা, হতদরিদ্র মহিলা, শিশু, বৃদ্ধ ও সুবিধাবঞ্চিতদের সেবা সুনিশ্চিতকরণ, মানবসম্পদ উন্নয়ন, ওষুধ, যন্ত্রপাতি, আসবাবপত্র ও স্থাপনার সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণের বিষয়ে গুরুত্বারোপ করেন সাংসদ মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার শাকিলা ফারজানা বলেন, জেনারেল হাসপাতালের কার্যক্রম ভবিষ্যতে আরও দৃশ্যমান করে রোগী সাধারণের কাক্সিক্ষত সেবা নিশ্চিতে উদ্যোগ নেয়া হবে। এ হাসপাতালকে একটি পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত করতে সরকারের সহযোগিতা কামনা করা হবে। পাশাপাশি জেনারেল হাসপাতালের সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাবো। সভায় কমিটির নবনির্বাচিত অন্যান্য সদস্যবৃন্দ হাসপাতালের সামগ্রিক চিকিৎসাসেবা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং হাসপাতালের কর্মপরিবেশ কিভাবে আরও বেশি রোগীবান্ধব করা যায় সে বিষয়ে বক্তারা গুরুত্বারোপ করেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক (সহযোগী অধ্যাপক-কার্ডিওলজি) ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. মোঃ একরাম হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, প্রফেসর (ডা.) মোঃ জসিম উদ্দিন, প্রফেসর (ডা.) সাইফুদ্দিন মোহাম্মদ তারেক, বাসস’র বিশেষ প্রতিনিধি মিয়া মোহাম্মদ আরিফ, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আব্দুল মান্নান, মোঃ আনামুল হক ইকবাল, ডা. হোসনা আরা বেগম ও নার্সিং সুপারভাইজার মঞ্জু রানী দাশ।

Advertisement