গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে দক্ষিণ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

1

লোহাগাড়া প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

​আজ (৩ আগস্ট) বিকেলে লোহাগাড়া বার আউলিয়া কলেজ মাঠ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পদুয়া স্টেশন চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।

​ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি জিল্লুর রহমানের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি ডি.এম আসহাব উদ্দীন।

​সভাপতির বক্তব্যে ডি.এম আসহাব উদ্দীন বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার অভূতপূর্ব ত্যাগ ও আত্মোৎসর্গের মূল লক্ষ্য ছিল একটি ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। গণভোটের স্পষ্ট রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমেই কেবল জনগণের সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। একই সাথে জুলাই অভ্যুত্থানে সংঘটিত সকল গণহত্যার সুষ্ঠু বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।

​ফ্যাসিবাদবিরোধী হুশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, এই বাংলার জমিনে কেউ ফ্যাসিবাদ কায়েম করে টিকে থাকতে পারেনি। এ দেশের মানুষ ব্রিটিশ, পাকিস্তানি বাহিনী এবং স্বৈরাচার হাসিনাকে পালাতে বাধ্য করেছে। তাই জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

​সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দ বলেন, রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের এই সম্ভাবনাকে কোনো ষড়যন্ত্রের মুখে নস্যাৎ হতে দেওয়া হবে না। তরুণ প্রজন্মকে সাথে নিয়ে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও সুশাসিত বাংলাদেশ বিনির্মাণে ছাত্রশিবির রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে যাবে।

​বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ, থানা ও ইউনিয়ন নেতৃবৃন্দ এবং সাধারণ ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Advertisement