দেশব্যাপী বিশেষ কার্ডে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। আজ রবিবার (২০ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর প্রতি এ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সুজন।
এসময় সুজন বলেন আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের মানুষরা। ঐসব সীমিত আয়ের মানুষদের ক্রয় ক্ষমতার কথা চিন্তা করে বিশেষ কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা সত্যিকার অর্থেই প্রশংসনীয়। এর আগেও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সমাজের সুবিধাভোগীরা সরকারের নানা ধরণের সুযোগ সুবিধা পেয়ে আসছে। বিভিন্ন ভাতার মাধ্যমে তাদের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। তাছাড়া কোভিড-১৯ মহামারির বিস্তার নিয়ন্ত্রণে চলমান লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত প্রায় ৫০ লাখ পরিবারকে নগদ সহায়তা প্রদান করেছিল মাননীয় প্রধানমন্ত্রী। তবে বর্তমানে চলমান টিসিবির বিশেষ কার্ডে পণ্য বিক্রয় কার্যক্রমটি রমজান মাসের শেষ পর্যন্ত চালু রাখার জন্য বাণিজ্যমন্ত্রীর নিকট সবিনয় অনুরোধ জানান সুজন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর থেকেই সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত মানুষদের জীবনমান উন্নয়নে নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে এবং যেটা এখনো চলমান রয়েছে। তবে সরকারের এ মহৎ উদ্যোগের সুফল যাতে সত্যিকার অর্থেই সুবিধাবঞ্চিত মানুষরা ভোগ করতে পারে সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। বিশেষ কার্ডে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম যাতে কেউ নস্যাত করতে না পারে সেদিকে সতর্ক সৃষ্টি রাখার অনুরোধ জানান তিনি।
এছাড়া উক্ত কার্যক্রমে কোন ধরণের অনিয়ম ও দুর্নীতির খবর পেলে তা জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী এবং নাগরিক উদ্যোগকে জানানোর অনুরোধও রাখেন।
তিনি আরো বলেন সরকারের যে কোন মহৎ উদ্যোগেকে নস্যাত করতে ঘাপটি মেরে বসে থাকে একটি দুষ্টচক্র। তাদের চক্রান্তকে কোনভাবেই সফল হতে দেয়া যাবে না বলেও মন্তব্য করে এ ব্যাপারে সকলকে চোখ কান খোলা রাখার পরামর্শ দেন খোরশেদ আলম সুজন।

















