চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ বলেছেন, আওয়ামী লীগের চরিত্রই হচ্ছে জোর করে ক্ষমতায় থাকা। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও তারা জোর করে, সন্ত্রাস দিয়ে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে। আওয়ামী লীগের গত ১৪ বছরের ইতিহাস হচ্ছে জোর করে টিকে থাকার ইতিহাস।
আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা শুনলে হাস্যকর মনে হয়। পার্লামেন্টে ক্যু করে একটা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল এই আওয়ামী লীগ। তাই তাদের মুখে গণতন্ত্রের কথা মানেই একটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়।
তিনি মঙ্গলবার (২৪ মে) বিকালে রিয়াজউদ্দীন বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সাংগঠনিক পুনর্গঠন টিমের অধীনে ৩১ নং আলকরণ ওয়ার্ড় বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধনকালে এসব কথা বলেন।
সাংগঠনিক টিমের আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ বলেন, বেগম খালেদা জিয়াকে দেশের জনগণ একাধিকবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন। দেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিবিদ হিসেবে তিনি সামনের সারিতে আছেন। তার সময়ই মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা চালু করা হয়। এ ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি আপোসহীন। অথচ শেখ হাসিনা তাকে নিয়ে শুধু বাজে মন্তব্যই করেননি, খালেদা জিয়াকে নিয়ে রাজনৈতিক বিদ্বেষও ছড়িয়েছেন। আমরা তার বক্তব্যের তীব্র নিন্দা ও ঘৃণা জানাই।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও টিমের সদস্য মো. শাহ আলম, টিমের সদস্য আবদুস সাত্তার সেলিম, মহানগর বিএনপির নেতা ওয়াহিদুল আলম, আবদুল বাতেন, ওয়ার্ড় বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম মিয়া, সি. সহ সভাপতি হাজী মো. ইদ্রিস, আবদুল মান্নান, মহানগর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, বিএনপি নেতা ইকবাল হোসেন সংগ্রাম, সেলিম খান, রাসেল নিজাম, আবদুস শুক্কর, মো. বেলাল, আবুল কালাম, মো. ইসহাক প্রমুখ।
















