ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। আজ বুধবার (৮ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রির পূর্বে পরিকল্পিতভাবে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিলো। ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু সরকারকে উৎখাতের একটি ক্ষেত্র প্রস্তুত করা হয়েছিলো জাতীয় ও আন্তর্জাতিকভাবে। ১৯৭৪ সালে পরিকল্পিতভাবে পাটের গুদামে আগুন দেওয়া হয়েছিল। আগুন দেওয়া হয়েছিল পুলিশ ফাড়িতে। বিদেশ থেকে আমদানিকৃত চালের জাহাজ ষড়যন্ত্র করে বহির্নোঙ্গরে ডুবিয়ে দেওয়া হয়েছে।
বঙ্গবন্ধু সরকার প্রচুর খাদ্যশস্য আমদানি করলেও চাল, ডাল, চিনি, পেঁয়াজ ইত্যাদি চলে গিয়েছিল মাটির তলার গুদামে। তৈরি করা হয়েছিল কৃত্রিম সংকট। পরিকল্পিতভাবে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। তাই ঘর পোড়া গরু যেমন সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় ঠিক তেমনিভাবে সচেতন মহলও আজ শংকিত। রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে অযথা গমের মূল্যবৃদ্ধি করা হয়েছে। অথচ দেশে তখনও পর্যাপ্ত গম মজুদ ছিল। আবার দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে গমের জাহাজ ডুবির খবর। ভরা মৌসুমে চালের কৃত্রিম সংকট সৃষ্টি করে গরীব অসহায়দের কষ্ট দেওয়া হচ্ছে। মিল মালিকরা ধান গুদামজাত করে রেখে দিয়েছে। আর এ কারণে চালের দাম বেড়ে গিয়েছে। বড় বড় শিল্পগ্রুপগুলো সরাসরি চালের মোকাম থেকে চাল কিনে গুদামজাত করে রেখেছে। তাই নির্দ্বিধায় বলা যায় হঠাৎ করে চালের মূল্যবৃদ্ধির পেছনে অবশ্যই পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে। যারা সিন্ডিকেট করে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তারা শুধু সরকারকেই হেনস্তা করছে না, জনগণকেও বিভ্রান্ত করছে। উদ্দেশ্য একটাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারকে জনগনের কাছে অজনপ্রিয় করে তোলা। এ সবকিছুর মধ্যে কোন যোগসূত্র আছে কি-না তা খতিয়ে দেখতে হবে।
আমাদের দৃঢ় বিশ্বাস কোন মহল ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেখা যাচ্ছে যে হঠাৎ করে সারাদেশে অগ্নিদূর্ঘটনা বেড়ে গিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় অগ্নিকান্ডের খবর পাওয়া যাচ্ছে। তাই সীতাকুন্ডের বিস্ফোরণও কোন নাশকতা কিনা তা খতিয়ে দেখা একান্ত প্রয়োজন।
তিনি সম্প্রতি ঘটে যাওয়া এ সকল ঘটনার পিছনে কোন অশুভ শক্তি কলকাঠি নাড়ছে কিনা তা খতিয়ে দেখতে সরকারের উচ্চ মহলের নিকট আকুল আবেদন জানান।
















