বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই বাংলাদেশ আজ স্বাধীন বলে অভিমত প্রকাশ করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে দারুল উলুম কামিল মাদরাসা চত্বরে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উক্ত মত প্রকাশ করেন তিনি।
এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি স্বাধীন দেশ। পরাধীনতার শৃংখল থেকে বাঙালিকে মুক্ত করেছেন শেখ মুজিবুর রহমান। ক্ষুধা, দারিদ্র্য ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে স্বাধীনতার পর থেকেই দিনরাত পরিশ্রম করতে থাকেন বঙ্গবন্ধু। বিশ্বের দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাড় করানোর ব্রত নিয়েই স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করেন জাতির পিতা। সেই সাথে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইসলামের প্রচার ও প্রসারে কাজ করতে থাকেন তিনি। তারই সুযোগ্য উত্তরাধিকার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের শিক্ষা ও প্রসারে যুগান্তকারী ভূমিকা রেখে চলছেন। তারই ধারাবাহিকতায় মাদরাসা শিক্ষাকে বাস্তবমূখী করে গড়ে তোলা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, আজ তা বাস্তবায়নের পথে। বাংলাদেশ এখন সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রাকে যে কোন মূল্যে ধরে রাখতে হবে বলে মন্তব্য প্রকাশ করেন প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।
সভাপতির বক্তব্যে মাদরাসা গভর্ণিং বডির সভাপতি ও সাবেক চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। বঙ্গবন্ধুর সোনার বাংলার অসমাপ্ত কাজ সমাপ্ত করার দায়িত্ব এখন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। আজ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পৃথিবীর কাছে এক অপার বিস্ময়। বাংলাদেশ ইতিমধ্যে একটি শক্তিশালী অর্থনৈতিক দেশে রূপান্তরিত হতে চলেছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই। তাই ষড়যন্ত্রকারীরা নতুনরূপে আবির্ভূত হয়েছে। তারা ছলে বলে কৌশলে তাদের চক্রান্ত অব্যাহত রেখেছে। বিভিন্ন দ্রব্যের মূল্যবৃদ্ধিতে জনগনের সাময়িক কষ্ট হচ্ছে উল্লেখ করে তিনি জনগনকে ধৈর্য্য ধরার সবিনয় অনুরোধ জানান। মাননীয় প্রধানমন্ত্রী সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং সহসা এ কষ্ট কেটে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সকল প্রকার গুজব থেকে জনগনকে দূরে থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে যে সংগ্রাম, সে সংগ্রামে সকলকে সহযোগিতা করার উদাত্ত আহবান জানান খোরশেদ আলম সুজন।
মাদরাসা অধ্যক্ষ মুহাম্মদ মুহসিন ভূঁইয়ার স্বাগত বক্তব্যে এবং প্রভাষক মাওলানা খালেদ মুহাম্মদ সাইফুল্লাহ’র সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার শিক্ষার্থী আবুল হাসনাত মুহাম্মদ নূরুল মোস্তফা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গভর্ণিং বডির সহ-সভাপতি, রাজনীতিবিদ সাহাব উদ্দিন আহমদ এবং গভর্ণিং বডির সদস্য ও কাউন্সিলর শহীদুল আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষক মও. আনোয়ার হোসাইন, মায়মুনা হক, ছাত্র প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির উত্তরোত্তর সফলতা কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মও. মকছুদ আহমদ।
















