মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের নির্দেশনা

162

আগামী ২৬ মার্চ রোববার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে স্থাপিত শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Advertisement

উক্ত অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগ কর্তৃক বিশেষ ট্রাফিক পুলিশী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া হয়েছে।

আজ ২৪ মার্চ শুক্রবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন।

নির্দেশনাগুলো হচ্ছে– আগামী ২৬ মার্চ রোববার ভোর ৫টা থেকে নগরীর তিনপুলের মাথা হয়ে আমতল, আমতল থেকে নিউ মার্কেট ও নিউ মার্কেট থেকে আমতল রোডে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। তিনপুলের মোড় থেকে শিক্ষা অফিস (রাইফেল ক্লাব) হয়ে আমতল পর্যন্ত একমুখী চলাচল বজায় থাকবে। নিউমার্কেট, আমতল ও তিনপুলের মোড়ে রোড ব্লক স্থাপন করে যানবাহনসমূহ ডাইভারশন দেওয়া হবে। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসা সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তাগণ ডিসি হিল-বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা) হয়ে এসে রাইফেল ক্লাব ও আমতল মোড় ড্রপিং জোন হিসেবে ব্যবহার করবেন এবং পরবর্তীতে প্রধান পার্কিং স্থান হিসেবে রাইফেল ক্লাব মাঠে গাড়ি পার্কিং করবেন।

এছাড়াও অন্যদিক থেকে আগত গাড়িসমূহ নিজ নিজ সুবিধা অনুযায়ী নিউমার্কেট ও তিনপুলের মোড় ড্রপিং জোন হিসেবে ব্যবহার করতে পারবেন ও সংযুক্ত রুট ম্যাপে প্রদর্শিত পার্কিং স্থানে গাড়ি পার্ক করবেন।

অনুষ্ঠানস্থলে আসা সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সরকারী কর্মকর্তাগণ আমতল থেকে পায়ে হেঁটে স্মৃতিসৌধে (চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ) এসে পুষ্পস্তবক অর্পণপূর্বক পুন:রায় আমতল মোড়ে গিয়ে গাড়িতে উঠে জুবলী রোড হয়ে প্রত্যাবর্তন করবেন।

অন্যান্য ব্যক্তিবর্গ প্রত্যাবর্তনকালে স্ব-স্ব গাড়ির পার্কিংস্থলে গিয়ে যানবাহন চলাচলের জন্য উম্মুক্ত সুবিধাজনক সড়ক ব্যবহার করবেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেরর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে নগরবাসীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন ট্রাফিক-দক্ষিণ বিভাগ।

Advertisement