শেষ ষোলোতে নাইজেরিয়ার কাছে হেরে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল স্বাগতিক আর্জেন্টিনা। আফ্রিকান দলটির কাছে ২-০ তে হেরেছে মেসি-মার্টিনেজদের উত্তরসূরিরা।
বুধবার (৩১ মে) রাতে শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে ইব্রাহিম বেজি মুহাম্মদ ও হালিরু সারকির গোলে ২-০ তে জয় পায় নাইজেরিয়া। এই জয়ের ফলে নাইজেরিয়া পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে।
ম্যাচের শুরুর দিকে কিছুটা ম্যাড়মেড়ে ফুটবল খেলেছে দুদলই। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।
ম্যাচের ৫৮ মিনিটেই প্রায় লিড নিয়ে ফেলেছিল আফ্রিকান দলটি। কিন্তু আদেনিরান লাওয়ালের শট গিয়ে লাগে পোস্টে। ফিরতি শটে সুযোগ পেলেও জালে বল জড়াতে পারেনি নাইজেরিয়ানরা। সুযোগের জন্য অপেক্ষা করতে হয়নি নাইজেরিয়াকে। ৬১তম মিনিটে আদেনিরানের পাস থেকেই জালে বল জড়ান বেজি মুহাম্মদ।
পিছিয়ে পড়ার পর গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ৬৪তম মিনিটে কার্বোনির দুর্দান্ত শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন নাইজেরিয়ান গোলরক্ষক। ৮৩তম মিনিটে তো স্রেফ ভাগ্যের জোরে বেঁচে যায় নাইজেরিয়া। রোমেরোর নেয়া শট গোলকিপারকে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে।
আর্জেন্টিনার কফিনে দ্বিতীয় পেরেকটা ঢুকান সারকি, অতিরিক্ত সময়ে। প্রতি আক্রমণে গোলটা আদায় করে নেয় নাইজেরিয়ানরা। সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে আফ্রিকান দলটি।
















