সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কাসেম জুট মিলস এলাকায় একটি গ্যাস সিলিন্ডার গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গুদামের মালিক আবু তাহেরসহ আরো দুই কর্মচারী আহত হয়েছে। তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার সময় উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের কাসেম জুট মিলস এলাকায় চৌধুরী মার্কেটের মেসার্স এমটি এন্টারপ্রাইজ নামে একটি গ্যাস সিলিন্ডারের গুদামে এ ঘটনা ঘটে।
জানা যায়, গুদামে বিকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় গ্যাস সিলিন্ডারের একটি বোতল বিস্ফোন ঘটে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও সীতাকুণ্ড থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
ওই গুদামে দুই শতাধিক সিলিন্ডার ছিল বলে জানিয়েছে পুলিশ।
এগুলো জাহাজভাঙা কারখানা থেকে এনে এখানে রাখা হয়েছে। অগ্নিকাণ্ডে অনেকগুলো সিলিন্ডারে আগুন ধরে যায় এবং ভেতরে থাকা গুদামটির মালিক মো. আবু তাহের ও তাঁর দুই কর্মচারী অগ্নিদগ্ধ হন। পরে তাঁদের স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। দগ্ধ আবু তাহেরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। আহত দুই কর্মচারীর নাম-পরিচয় জানা যায়নি।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুন কীভাবে লেগেছে, তা তাঁরা বলতে পারছেন না। ধারণা করছেন, বৈদ্যুতিক স্পার্কিংয়ের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে।
















