চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনায় দারুল ইহসান ইসলামিক সেন্টার ট্রাস্টের উদ্যোগে হযরত শাহ মাওলানা মুফতি মুহাম্মদ লোকমান ফারুকী (রহ.)-এর বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে।
গত ১০ অক্টোবর শনিবার কাঞ্চনা দারুল ইহসান ইসলামিক সেন্টার মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিক পরিবেশে দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে খতমে কোরআন, খতমে তাহলিল, বিশেষ দোয়া, ছাত্রছাত্রীদের নিয়ে দোয়া এবং তাবারুক বিতরণসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হয়।
মাহফিলের কার্যক্রম শুরু হয় ফজরের নামাজের পর। এ সময় ধারাবাহিকভাবে খতমে কোরআন ও খতমে তাহলিল আদায় করা হয়। পরে মরহুম হযরত শাহ মাওলানা মুফতি মুহাম্মদ লোকমান ফারুকী (রহ.)-এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
দুপুরে মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। পরে তাদের মধ্যে তাবারুক বিতরণ করা হয়। মাহফিলের শুরু থেকে সমাপ্তি পর্যন্ত এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা ছিল।
আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ মেধা, শ্রম, অর্থ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। তাঁদের আন্তরিকতা, সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতায় মাহফিলের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
মাহফিল শেষে দারুল ইহসান ইসলামিক সেন্টার ট্রাস্টের পরিচালনা কমিটির পক্ষ থেকে এলাকাবাসী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি সহযোগিতাকারী সবার মেধা, শ্রম, অর্থ ও আন্তরিক প্রচেষ্টা মহান আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য দোয়া করা হয়।
ট্রাস্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, তিনি যেন মরহুমের রুহের মাগফিরাত নসিব করেন, মাহফিলে সহযোগিতাকারী সবাইকে উত্তম প্রতিদান দেন এবং ভবিষ্যতেও সবাইকে দ্বীনি ও কল্যাণমূলক কাজে অংশগ্রহণের তাওফিক দান করেন। আমিন।

















