নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রকোপ কমাতে চলছে সরকারের দেওয়া দেশব্যাপী ‘কঠোর বিধিনিষেধ’। এই বিধিনিষেধ শেষ হচ্ছে আজ রোববার। আর, আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে এক সপ্তাহের অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন। তাহলে ১২ ও ১৩ এপ্রিল কী হবে? এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলমান বিধিনিষেধের ধারাবাহিকতা আগামীকাল সোমবার (১২ এপ্রিল) এবং পরদিন ১৩ এপ্রিলও অব্যাহত থাকবে।
ওবায়দুল কাদের আজ রোববার সকালে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিং-এর সময় এ কথা বলেন।
এ ছাড়া ওবায়দুল কাদের বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহণ বন্ধ থাকবে।
আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য ‘সর্বাত্মক লকডাউনের’ পথে হাঁটবে সরকার। এই এক সপ্তাহের মধ্যে জরুরি সেবা ব্যতিত অফিস-আদালত থেকে শুরু করে সব কার্যক্রম বন্ধ রাখবে সরকার।
এর পরই প্রশ্ন ওঠে, সর্বাত্মক লকডাউনের আগের দুদিন অর্থাৎ ১২ ও ১৩ এপ্রিল কী হবে? মানুষ ইচ্ছেমতো চলাচল করতে পারবে, নাকি পারবে না? দূরপাল্লার বাস চলবে, নাকি চলবে না? শুধু তাই নয়, যেহেতু ওই দুদিনের জন্য এখন পর্যন্ত কঠোর বিধিনিষেধ বা সর্বাত্মক লকডাউনের কথা ঘোষণা করেনি সরকার; সেহেতু সব মুক্তভাবেই চলবে নাকি নতুন করে বিধিনিষেধ জারি করা হবে—এসব প্রশ্নও ওঠে সাধারণ মানুষের মধ্যে।
এমন বাস্তবতায় আজ রোববার সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলমান বিধিনিষেধের ধারাবাহিকতা চলবে ১২ ও ১৩ এপ্রিল।
















