কলকাতার টানা তৃতীয় পরাজয়

313

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের চতুর্থ ম্যাচে সাকিব আল হাসানকে বসিয়ে সুনীল নারাইনকে নিয়ে খেলতে নেমেছিল কলকাতা। তবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচটিতে জয়ের দেখা পায়নি ইয়ন মরগানের দল। চেন্নাইয়ের রানের পাহাড় টপকাতে না পেরে দলটি বরণ করেছে তৃতীয় পরাজয়।

Advertisement

মুম্বাইয়ে আসরের ১৫তম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব শুরু করে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। কলকাতার বোলারদের অসহায় বানিয়ে দেদারসে রান কুড়োতে থাকেন চেন্নাইয়ের ব্যাটসম্যানরা। উদ্বোধনী জুটিতেই রুটুরাজ গাইকোয়াদ ও ফাফ ডু প্লেসিস জড়ো করেন ১১৫ রান।

গাইকোয়াদ ৪২ বলে ৬৪ রান করে বিদায় নেন। তাতেও থামেনি ডু প্লেসিসের তাণ্ডব। ইনিংস শেষ হওয়ার আগপর্যন্ত কলকাতার বোলারদের ধৈর্যের চরম পরীক্ষা নিয়েছেন। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারানো চেন্নাই ২২০ রান নিয়ে যখন মাঠ ছাড়ছে, ৬০ বল মোকাবেলা করা ডু প্লেসিসের নামের পাশে জ্বলজ্বল করছে ৯৫ রান! অপরাজিত ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা। ৪টি ছক্কা হাঁকিয়েছিলেন গাইকোয়াদও, সাথে ছিল ৬টি চার।

সাকিবের বদলি হিসেবে সুযোগ পাওয়া নারাইন ৪ ওভারে একটি উইকেট পেলেও বিলি করেন ৩৪ রান। তার চেয়েও খরুচে ছিলেন প্যাট কামিন্স (৪ ওভারে ৫৮), প্রসিধ কৃষ্ণ (৪ ওভারে ৪৯), আন্দ্রে রাসেল (২ ওভারে ২৭) ও হরভজন সিংয়ের পরিবর্তে একাদশে জায়গা পাওয়া কমলেশ নাগরকোটি (২ ওভারে ২৫)।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে কলকাতার ব্যাটিং অর্ডার রীতিমত মুখ থুবড়ে পড়ে। ১ রানে প্রথম উইকেট হারানো দলটি ষষ্ঠ ওভারে ৩১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে। নারাইন ৪ রান করে তৃতীয় বলে সাজঘরে ফেরেন। তবে ষষ্ঠ উইকেটে দীনেশ কার্তিক ও আন্দ্রে রাসেল প্রতিরোধ গড়ে তোলেন।

ষষ্ঠ উইকেটে কার্তিকের সাথে ৮১ রানের জুটি গড়েন নারাইন। ২১ বলে অর্ধশতক হাঁকিয়ে ২২ বলে ৫৪ রান করা রাসেল সাজঘরে ফেরেন, তার আগে হাঁকিয়েছেন ৩টি চার ও ৬টি ছক্কা। তার বিদায়ের পর ক্রিজে আসেন প্যাট কামিন্স। ২৪ বলে ৪০ রান করে কার্তিক বিদায় নিলেও তাণ্ডব চালান কামিন্স।

২৩ বলে তিনি পূর্ণ করেন অর্ধশতক। ১৭৬ রানে ৮ম উইকেটের পতন ঘটে। সতীর্থদের সঙ্গ না পাওয়ায় শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি। চেন্নাইয়ের পক্ষে দীপক চাহার ৪টি এবং লুঙ্গি এনগিডি ৩টি উইকেট শিকার করেন। ১৯.১ ওভারে কলকাতা অলআউট হয় ২০২ রানে। এতে চেন্নাই পায় ১৮ রানের জয়। কামিন্স ৩৪ বলে ৪টি চার ও ৬টি ছক্কা হাঁকিয়ে ৬৬ রান করে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর

টস : কলকাতা নাইট রাইডার্স

চেন্নাই সুপার কিংস : ২২০/৩ (২০ ওভার)
ডু প্লেসিস ৯৫*, গাইকোয়াদ ৬৪, মঈন ২৫, ধোনি ১৭
বরুণ ৪-০-২৭-১, রাসেল ২-০-২৭-১

কলকাতা নাইট রাইডার্স : ২০২/১০ (১৯.১ ওভার)
কামিন্স ৬৬*, রাসেল ৫৪, কার্তিক ৪০
চাহার ২৯/৪, লুঙ্গি ২৮/৩

Advertisement