শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমি, চট্টগ্রাম জেলা কার্যালয় ও এনজিও সমূহের যৌথ উদ্যোগে আজ ৬ অক্টোবর মঙ্গলবার একাডেমি মিলনায়তনে আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ঢাকা থেকে সারাদেশের বিভিন্ন জেলার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।
চট্টগ্রাম জেলা শিশু একাডেমি প্রান্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন পরবর্তী বক্তব্য রাখেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোঃ সাইদুজ্জামান।
শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ কাউছার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন এনজিও কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। পরে শিশু একাডেমির শিক্ষার্থীরা নৃত্য, একক ও দলীয় সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোঃ সাইদুজ্জামান বলেন, শিশু অধিকার সম্পর্কে সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের জন্য নিরাপদ, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করাই এবারের আয়োজনের মূল লক্ষ্য। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতায় শিশুদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। শিশুদের অধিকার রক্ষা শুধু শিক্ষা নিশ্চিত করার মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের নিরাপত্তা, সুস্থ পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা ও সুষ্ঠু সামাজিক বিকাশের সুযোগ নিশ্চিত করাও জরুরি। শিশুদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে পরিবার, রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্বের ওপর গুরুত্ব দিতে হবে।
বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি প্রসঙ্গে তিনি বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, শিল্প-সংস্কৃতিচর্চা ও নৈতিক শিক্ষা প্রসারে প্রতিষ্ঠানটি দীর্ঘ পাঁচ দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামী দিনে শিশুদের প্রযুক্তিগত ও আধুনিক শিক্ষার উপযোগী করে গড়ে তুলতে নতুন কর্মপরিকল্পনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।















