চট্টগ্রাম নগরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নগরের হালিশহর থানার ছোটপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুইজন হলেন- মো. মিরন প্রকাশ মিরু (৩৬) ও মো. জমির (৩২)। তারা দুজনেই পেশায় প্রাইভেটকার চালক। পুলিশ বলছে, গ্রেপ্তার দুইজনই কিশোরীর পরিবারের পূর্ব পরিচিত।
পুলিশ জানায়, গত ১৭ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইফতার করে বাসা থেকে বেরিয়েছিল ওই কিশোরী। এসময় মিরন এবং জমির তাকে ফুঁসলিয়ে ছোটপুল পুরাতন রোডে নিয়ে যায়। সেখানে আগে থেকেই একটি সাদা রঙের প্রাইভেটকার পার্কিং করে রাখা ছিল। সেই প্রাইভেটকারে তুলে ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে দুই আসামি। এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হালিশহর থানায় একটি মামলা করেন।
হালিশহর থানার ওসি মো. কায়সার হামিদ বলেন, ‘মামলা হওয়ার পরপরই জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামি। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুইজনের মধ্যে একজন কিশোরীদের প্রতিবেশী এবং অপরজনও আগে একই এলাকায় থাকতেন। একই এলাকায় থাকার সুবাদে আসামিদের সঙ্গে পূর্ব পরিচয় ছিল ভিকটিমের পরিবারের। গ্রেপ্তার একজন ভিকটিমের বড় বোনের স্বামীর বন্ধু বলেও জানতে পেরেছি।’

















