চট্টগ্রাম বীচ ম্যানেজমেন্ট কমিটির সাথে পতেঙ্গা সী-বীচের দোকানদারসহ সকল ব্যবসায়ীদের সাথে সী-বীচ এলাকায় এক মতবিনিময় সভা আজ ২০ মে সোমবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান বলেন, পতেঙ্গা সী-বীচকে দৃষ্টিনন্দন করতে বীচ ম্যানেজমেন্ট কমিটি কর্তৃক নেয়া হয়েছে মহাপরিকল্পনা। পর্যটকদের সমুদ্রের সৌন্দর্য আকৃষ্ট করতে বীচের দোকানগুলোকে সী সাইড থেকে সরিয়ে কান্ট্রি সাইডে বীচ ম্যানেজমেন্ট কমিটি দেয়া নির্দিষ্ট মাপ অনুযায়ী স্থানান্তর করাসহ পতেঙ্গাকে পর্যটক বান্ধব জোন হিসেবে গড়ে তোলা হবে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল মালেক বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক ডিসি পার্ক থেকে পতেঙ্গা সি-বিচ পর্যন্ত পুরো এলাকাটিকে বিশ্বমানের পর্যটন জোন হিসেবে গড়ে তোলা হবে। পর্যটকদের সুবিধা সম্বলিত অবকাঠামো নির্মাণ, সৈকতের দোকানসমূহ সুশৃঙ্খল ও পুনর্বাসন করা, টয়লেট, শৌচাগার, চেঞ্জিং রুম ও ক্যাফেটেরিয়া নির্মাণের ব্যবস্থা গ্রহণ, ফটোগ্রাফারসহ বিভিন্ন সেবা প্রদানকারীদের সংখ্যা নির্দিষ্টকরণ, সাময়িক পরিচয়পত্র প্রদান, সেবা মূল্য নির্ধারণ, সার্বক্ষণিক নিরাপত্তা বজায় রাখার জন্য টুরিস্ট পুলিশের অফিস নির্মাণের ব্যবস্থা গ্রহণ ও বিচ সংশ্লিষ্ট এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনয়ন করা হবে।
সভায় চট্টগ্রাম বিচ ম্যানেজমেন্ট কমিটি সদস্য ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: তৌহিদুল আরিফ, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মনীষ দাশ, সিএমপি’র কর্ণফুলি জোনের সহকারী পুলিশ কমিশনার আসিফ মাহমুদ গালিব, হোটেল মোটেল সৈকতের ব্যবস্থাপক মোহাম্মদ সরওয়ার উদ্দিন, সিটি করপোরেশনের ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী, পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েদসহ স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।















