চবি অফিসার সমিতির বার্ষিক সাধারণ সভা ও বিদায় সংবর্ধনায় উপাচার্য

“চবির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অফিসারদের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন”

306

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অফিসারদের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন। অফিসারদের দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার ওপর প্রতিষ্ঠানের শিক্ষা, গবেষণা এবং প্রশাসনিক কার্যক্রমের মান উন্নত হয়।

Advertisement

গতকাল (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

এ সময় উপাচার্য অফিসারদের দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস.এম. নসরুল কদির।

চবি অফিসার সমিতির সভাপতি রশিদ হায়দার জাবেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল আসাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চবি উপ-হিসাব নিয়ামক মাসুদুল ইসলাম চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ সেলিম, আবদুর রহিম, মীর মো. মোসলেহ উদ্দিন ও সহকারী রেজিস্ট্রার মো. খাইরুন্নবী।

চবি উপাচার্য বলেন, আমরা এমন একটি উন্নত শিক্ষাঙ্গন গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবাই একযোগে কাজ করবে। অফিসাররা বিশ্ববিদ্যালয়ের নীতি ও নিয়ম মেনে চলবেন এবং সর্বোচ্চ সেবার মান বজায় রাখবেন। একসঙ্গে কাজ করলে আমরা সকলেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষার পরিবেশ ও একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হবো বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বিদায়ী অফিসারদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, বিশ্বদ্যিালয়ের শিক্ষকবৃন্দ একা একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে সচল রাখতে পারেন না। একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে সচল রাখতে কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে শিক্ষার্থীদের জন্য এ বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদেরকে মানবসম্পদ হিসেবে তৈরি করতে আমরা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা এ প্রতিষ্ঠানে নিয়োজিত আছি। তিনি অফিসারদের মধ্যে প্রয়োজনীয় স্কিলস ডেভেলপমেন্ট ও নিজ নিজ দায়িত্বের প্রতি সচেষ্ট থাকার আহ্বান জানান।

চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, অফিসাররা এ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশ। তারা দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে যথাসময়ে সম্পন্ন করলেই এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়া সহজ হবে। মাননীয় উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিচালনায় কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Advertisement