সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।
রবিবার উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন ও বাড়বকুণ্ড ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। রবিবার সকালে উপজেলার শীতলপুরস্থ বগুলা বাজার এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোহাম্মদ তাইজুদ্দিন (৪৭) নামে এক ব্যক্তি নিহত হন।
নিহত ব্যক্তি ভোলা জেলার ভোলা সদরের দক্ষিণ বালিয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেন মাস্টারের ছেলে। একইস্থানে একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় দ্রুতগামী একটি বাস। এতে তিনজন গুরুতর আহত হন।
একইদিন সন্ধ্যা সাড়ে ৫টার সময় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় ঢাকামুখী শ্রমিক বহনকারি ধান মাড়াই মেশিনকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন শ্রমিক নিহত হন। জানা যায়, শ্রমিক বহনকারী ধান মাড়াই মেশিন গাড়িটি চট্টগ্রাম থেকে নেত্রকোনা জেলার উদ্দেশ্যে যাচ্ছিল। নিহতরা হলো- মো: খোকন (৩০) নেত্রকোনা জেলার হাপানিয়া থানার কলমাকান্দ গ্রামের সাইদুর রহমানের ছেলে এবং মোঃ রানা (৩৫) একই জেলার।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মোমিন বলেন, রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত গাড়ির গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হন। আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ আবদুল হাকিম জাহাঙ্গীর আলম বলেন, উপজেলার উপজেলার সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় মহাসড়কে একটি ধান মাড়াই গাড়িকে একটি ট্রাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। লাশগুলো আমরা উদ্ধার করেছি। ট্রাকটি আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
















