সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি এলাকায় পিকআপ থেকে লুট হওয়া ১২টি কোরবানির গরু উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএসবিএ হাসপাতাল সংলগ্ন একটি খালি জায়গা থেকে লুট হওয়া গরুগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় তামিম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে গত ২৪ মে শনিবার রাতে চট্টগ্রাম নগরীরতে নিয়ে যাওয়ার সময় সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ বগুলা বাজার এলাকায় দুর্বৃত্তরা পিকআপভ্যানটি আটক করে গরু ১২ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গরুর মালিক রোববার (২৫ মে) দুপুরে থানায় অভিযোগ দাখিল করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, গত রোববার ভোররাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ির বগুলাবাজার এলাকায় পিকআপ ভ্যানভর্তি ১২টি গরু লুট করে নিয়ে যায় ডাকাত দল। সোমবার রাত সাড়ে ১২টার দিকে প্রযুক্তির সহায়তায় ভাটিয়ারির বিএসবি হাসপাতালের সামনের খালি জায়গায় অভিযান চালিয়ে ১২টি গরু উদ্ধার করা হয়। এ সময় কোরবানির গরু লুটে জড়িত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ২০ থেকে ২২ লাখ টাকা। গরুগুলো থানা হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেফতারকৃত যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

















