‘জুলাই স্মৃতি আন্তঃ হল ভলিবল (ছাত্রী) প্রতিযোগিতা-২০২৫’ শুরু

314

‘জুলাই স্মৃতি আন্তঃ হল ভলিবল (ছাত্রী) প্রতিযোগিতা-২০২৫’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামে আজ (১৫ জুলাই ২০২৫) বিকাল ৩টায় শুরু হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং প্রতিযোগিতা উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

Advertisement

চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা, স্বাগত ও অভিনন্দন জানান। বিশেষ করে হলভিত্তিক অংশগ্রহণকারী বিভিন্ন দলের খেলোয়াড় এবং তাদের টিম ম্যানেজারদের অভিনন্দন জানান। তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনায় বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদেরকে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষাসহায়ক কার্যক্রমে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলা, বিতর্ক চর্চা এবং সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ক্যাম্পাসকে উৎসবমুখর পরিবেশে রাখার চেষ্টা করছে।

উপাচার্য বলেন, জুলাই গণআন্দোলনের স্মৃতিকে ধারণ করে চবি প্রশাসন মাসব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। আজকের এ প্রতিযোগিতা তারই অংশবিশেষ। তিনি আরও বলেন, খেলাধুলায় জয়-পরাজয় বড় কথা নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণই হচ্ছে বড় বিষয়। খেলাধুলার মাধ্যমে খেলোয়াড়দের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি, নিয়ম-শৃঙ্খলা আয়ত্ত করা এবং জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা তৈরি হয়। উপাচার্য প্রতিযোগিতার সফলতা কামনা করেন। পরে উপাচার্য অতিথিদের সাথে নিয়ে চবি’র বিভিন্ন হলভিত্তিক খেলোয়াড়বৃন্দ এবং তাদের টিম ম্যানেজারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উপাচার্য আজকের এ প্রতিযোগিতা দর্শকদের মাঝে উপভোগ্য হবে—এ প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) এবং জুলাই বিপ্লব উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। ‘জুলাই স্মৃতি আন্তঃ হল ভলিবল (ছাত্রী) প্রতিযোগিতা-২০২৫’-এর আহ্বায়ক প্রফেসর ড. বেগম ইসমত আরা হকের সভাপতিত্বে এবং চবি ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ হোসেন ও চবি স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো. রবিউল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি শামসুন নাহার হলের প্রভোস্ট প্রফেসর ড. বেগম ইসমত আরা হক।

অনুষ্ঠানের বিশেষ অতিথি চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশের জন্য একটি অবিস্মরণীয় ঘটনা। এ বিপ্লবে শিক্ষার্থীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জুলাই বিপ্লবকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে স্ব স্ব অবস্থান থেকে একযোগে কাজ করার আহ্বান জানান।

চবি শামসুন নাহার হল এবং চবি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের মধ্যকার প্রতিযোগিতার প্রথম খেলাটি খেলোয়াড় এবং খেলা পরিচালনাকারী রেফারি ও সহকারী রেফারি এবং অতিথিদের সাথে নিয়ে উপাচার্য উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ‘জুলাই স্মৃতি আন্তঃ হল ভলিবল (ছাত্রী) প্রতিযোগিতা-২০২৫’-এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, প্রক্টর ও সহকারী প্রক্টর, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন অফিস প্রধান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement