চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর বর্ষপূর্তি ও ইতিহাস বিভাগের দুই শহিদ এবং গতকাল ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে দোয়া ও স্মরণসভা আজ (২২ জুলাই ২০২৫) বেলা ১১টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
চবি ইতিহাস বিভাগের সভাপতি প্রফেসর ড. শামীমা হায়দার এর সভাপতিত্বে এবং উক্ত বিভাগের সহকারী অধ্যাপক জনাব কানিজ ফাতেমার সঞ্চালনায় স্মরণসভায় জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর বর্ষপূর্তি ও ইতিহাস বিভাগের দুই শহিদ এবং গতকাল ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চবি ইতিহাস বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল্লাহ আল-মাসুম।
স্মরণসভার শুরুতে শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণসভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে চবি ইতিহাস বিভাগের দুই শহিদের নামে চবিতে বিভিন্ন স্থাপনার নামকরণ এবং তাদের কার্যক্রম প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে চবি ইতিহাস বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচাীবৃন্দ উপস্থিত ছিলেন।

















