স্বাগতিক জিম্বাবুয়ে ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। এটি ছিল শততত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। উদ্বোধনী জুটির রেকর্ড পার্টনারশিপে টাইগাররা পেয়েছে ৮ উইকেটের জয়। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
হারারেতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করতে পারেনি জিম্বাবুয়ে। ব্যাটিং বান্ধব উইকেটে বাংলাদেশি পেসারদের ধারাল বোলিং ভুগিয়েছে স্বাগতিক ব্যাটসম্যানদের। ১৯ ওভার ব্যাট করে সিকান্দার রাজার নেতৃত্বাধীন দল অলআউট হয় ১৫২ রানে।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান (২২ বলের মোকাবেলায়) করেন রেগিস চাকাভা। এছাড়া ডিওন মায়ার্স ২২ বলে ২৫ ও ওয়েসলে মাধেভেরে ২৩ বলে ২৩ রান করেন। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান তিনটি উইকেট শিকার করেন। এছাড়া শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন দুটি করে এবং সাকিব আল হাসান ও সৌম্য সরকার একটি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে দুই ওপেনার নাঈম শেখ ও সৌম্য সরকার এনে দেন ১০২ রান, যা টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম শতরানের উদ্বোধনী জুটি। ৪৫ বলে ৫১ রান করে সৌম্য (৪টি চার ও ২টি ছক্কা) বিদায় নেন। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ক্রিজে এসে সাজঘরে ফেরেন দলের জয়ের আগেই।
তার আগে ১২ বলের মোকাবেলায় করেন ১৫ রান। তার বিদায়ে ক্রিজে আসেন নুরুল হাসান সোহান। নাঈমকে নিয়ে ৭ বল ও ৮ উইকেট হাতে রেখেই দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সাড়ে ৪ বছর পর টি-টোয়েন্টি খেলতে নামা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ৬টি চার হাঁকিয়ে নাঈম ৫১ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন। ৮ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন দারুণভাবে ফিনিশারের ভূমিকা পালন করা সোহান।
সংক্ষিপ্ত স্কোর
টস : জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে : ১৫২/১০ (১৯ ওভার)
চাকাভা ৪৩, মায়ার্স ৩৫
মুস্তাফিজ ৩১/৩, শরিফুল ১৭/২, সাইফউদ্দিন ২৩/২
বাংলাদেশ : ১৫৩/২ (১৮.৫ ওভার)
নাঈম ৬৬*, সৌম্য ৫০, সোহান ১৬*, রিয়াদ ১৫
ফল : বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।
















