অংকুর বৃত্তি সংবর্ধনা ২০২৬ : মেধা, নৈতিকতা ও সৃজনশীলতায় আগামীর নেতৃত্ব গড়ার প্রত্যয়

179

উৎসবমুখর ও অনুপ্রেরণাময় পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “অংকুর বৃত্তি সংবর্ধনা ২০২৬”। অংকুর বৃত্তি প্রকল্পের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে সকাল ৯:০০ টায় আয়োজিত এই অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে।

Advertisement

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অংকুর বৃত্তি প্রকল্পের সদস্য সচিব মিজবাহ উদ্দীন এবং সঞ্চালনায় ছিলেন আজাদ শেখ।

পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম মহানগর দক্ষিণের আহ্বায়ক রাকিবুল ইসলাম তার শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা দপ্তরের পরিচালক এবং ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। তিনি শিক্ষার্থীদের সফলতার কৌশল তুলে ধরার পাশাপাশি দেশ ও জাতি গঠনে শিক্ষার্থীদের দায়িত্ব ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম মহানগর দক্ষিণের প্রধান উপদেষ্টা মাইমুনুল ইসলাম মামুন তাঁর বক্তব্যে বলেন, নৈতিকতা ও চরিত্রবোধ ছাড়া শিক্ষা ও বাহ্যিক সফলতা মূল্যহীন। তিনি শিক্ষার্থীদের নৈতিক মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্ব আরোপ করেন।

কেন্দ্রীয় উপদেষ্টা ও শিশু সংগঠক নোমান হোসেন নয়ন শিক্ষার্থীদের ডিভাইস আসক্তি থেকে দূরে থেকে উদ্ভাবন ও সৃজনশীল কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অংকুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নুরুন্নবী শিক্ষার্থীদের মেধা ও মননের যথাযথ ব্যবহার করে নিজেদের দক্ষতা বিকাশে সচেষ্ট হওয়ার পরামর্শ দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রভাষক ড. আ ম ম মাসরুর হোসাইন। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফল হওয়ার কৌশল ও প্রস্তুতি সম্পর্কে দিকনির্দেশনা দেন।

আরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি ইব্রাহীম হোসেন রনি। তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং অভিভাবকদের কৃতি শিক্ষার্থীদের প্রতি আরও যত্নবান হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল “অংকুর স্টুডেন্ট অব দ্য ইয়ার ২০২৬” পুরস্কার প্রদান। এ বছর এ সম্মাননা অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনী উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের মেধাবী শিক্ষার্থী মোঃ হাসিবুল হাসান রাফসান।

অনুষ্ঠানজুড়ে ছিল নানারকম সাংস্কৃতিক আয়োজন। শিক্ষার্থী ও অভিভাবকরা অংকুরের এই আয়োজনের প্রশংসা করেন এবং শিশু-কিশোরদের মেধা, মনন ও নৈতিকতা বিকাশে অংকুরের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Advertisement