চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যুক্তি, বিতর্ক ও বুদ্ধিবৃত্তিক চর্চাকে ত্বরান্বিত করার লক্ষ্যে শহীদ আব্দুর রব হল সংসদ ও চাকসুর সহযোগিতায় আয়োজিত ব্যতিক্রমধর্মী আয়োজন ”শহীদ আবদুর রব ডিবেট ফেস্ট’২৬” এর গ্র্যান্ড ফাইনাল গতকাল ২৫ জানুয়ারি ২০২৬ সকাল ১১টায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুলতলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
শহীদ আবদুর রবের আত্মত্যাগ ও বুদ্ধিবৃত্তিক প্রতিবাদের চেতনাকে ধারণ করে আয়োজিত এই ডিবেট ফেস্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে আগত বিতার্কিকরা বাংলা এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাটে অংশগ্রহণ করেন। আয়োজনটি যুক্তিনির্ভর বিতর্ক, গণতান্ত্রিক মনন ও মতপ্রকাশের স্বাধীনতাকে উৎসাহিত করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।
ডিবেট ফেস্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(চাকসু)’র সহ-সভাপতি(ভিপি) ইব্রাহীম হোসেন রনি। আরো উপস্থিত ছিলেন চাকসু’র দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহান, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক তাহসিনা রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব হোসেন, শহীদ আব্দুর রব হল সংসদের ভিপি হাফেজ বোরহান উদ্দীন সহ শহীদ আব্দুর রব হল সংসদের এজিএস আবু বকর সহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর সহ-সভাপতি(ভিপি) ইব্রাহিম হোসেন রনি বলেন,
“ডিবেট কেবল প্রতিযোগিতা নয়, এটি যুক্তিবোধ ও নেতৃত্ব তৈরির অন্যতম প্রধান মাধ্যম। যে বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চা সক্রিয় থাকে, সেখানে চিন্তার স্বাধীনতা ও গণতান্ত্রিক সংস্কৃতি আরও শক্তিশালী হয়। শহীদ আবদুর রব ডিবেট ফেস্ট সেই ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক আয়োজন।”

















