সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম বিমানবন্দর থেকে কুয়েত প্রবাসীকে নিয়ে মীরসরাই যাওয়ার পথে সীতাকুণ্ডে মাইক্রোবাস উল্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে ৪ জন আহত হয়েছে।
আজ (২৮ মার্চ) শনিবার বেলা ১১ টচর দিকে সীতাকুণ্ড মডার্ন হাসপাতালের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বিকট শব্দে মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় গাড়িতে থাকা চার যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী জানান, মাইক্রোবাসটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। সীতাকুণ্ড উপজেলা এলাকা অতিক্রম করার সময় গাড়িটির একটি চাকা পাংচার হয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে এবং গাড়িতে থাকা চার যাত্রী আহত হন।

















