সীতাকুণ্ডে মামলা মোকদ্দমা নিয়ে বিরোধের জেরে ওয়ার্ড আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

159

সীতাকুণ্ড প্রতিনিধি: টাকা-পয়সা ও মামলা মোকদ্দমা নিয়ে বিরোধ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাঙ্গীর আলম শামীম (৪৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

Advertisement

বুধবার গভীর রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্যম ভাটেরখীল এলাকার তালতলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহত শামীম একই ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকার শিবপুর গ্রামের মৃত আবুল মুনসুরের ছেলে। শামিম মুরাদপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার রাতে শামীম শশুড়বাড়ি মধ্যম ভাটেরখীল গ্রামে বেড়াতে যায়। রাত সাড়ে ১১ টার দিকে কয়েকজন ব্যক্তি শামিমকে ডেকে নিয়ে যায়। এরপর দূর্বৃত্তরা তাকে নির্জন স্থানে নিয়ে কুপিয়ে হত্যা করে। তার শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম ও পায়ের রগ কেটে দেয়া হয়েছে। খবর পেয়ে রাত একটার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী জানান, নিহত শামীম স্থানীয় বিএনপির এক নেতার অনুসারী ও নিকট আত্মীয়। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কয়েকটি পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিলো। তবে কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত নয় পুলিশ। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, টাকা পয়সা লেনদেন এবং মামলা মোকদ্দমা নিয়ে বিরোধের জেরে শামিম নামক একজনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে দুইজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement