বারেক শাহ ওরশ বিরিয়ানি চট্টগ্রামের ভোজন রসিকদের জন্য নতুন মাত্রা যোগ করবে: বক্কর

34

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডের ৬ নং ব্রিজের ফুটবল টার্ফ সংলগ্ন এলাকায় আধুনিক সব সুযোগ সুবিধা ও মনোরম পরিবেশে যাত্রা শুরু করেছে “বারেক শাহ মেজবানি ও ওরশ বিরিয়ানি” রেস্টুরেন্ট।

Advertisement

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

চট্টগ্রামের ঐতিহ্য রক্ষায় নতুন সংযোজন উদ্বোধনকালে উপস্থিত সাংবাদিক ও গ্রাহকদের উদ্দেশ্যে আবুল হাশেম বক্কর বলেন, চট্টগ্রামের আধ্যাত্মিক সাধক হযরত আবদুল বারেক শাহ (র:) এর নামে এই প্রতিষ্ঠানের নামকরণ আমাকে মুগ্ধ করেছে। চট্টগ্রামের মানুষ ভোজনরসিক হিসেবে পরিচিত, আর মেজবানি ও ওরশ বিরিয়ানি আমাদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। আমার বিশ্বাস, এই রেস্টুরেন্টটি গুণগত মান বজায় রেখে চট্টগ্রামের ভোজনরসিকদের জন্য একটি নতুন মাত্রা যোগ করবে।

তিনি আরও বলেন, শুধু ব্যবসাই নয়, সেবার মানসিকতা নিয়ে গ্রাহকদের স্বাস্থ্যসম্মত ও রুচিশীল খাবার পরিবেশন করতে হবে। আধুনিক নাগরিক জীবনে সুন্দর পরিবেশে পরিবারের সবাইকে নিয়ে একটু স্বস্তিতে খাওয়ার মতো জায়গার যে অভাব রয়েছে, এই রেস্টুরেন্টটি তা পূরণ করতে সক্ষম হবে।

রেস্টুরেন্টের স্বত্বাধিকারী নাজিম উদ্দীন হিরু জানান, অভিজ্ঞ রাঁধুনি এবং টাটকা উপকরণ দিয়ে তৈরি খাবারের স্বাদই হবে তাদের প্রধান বৈশিষ্ট্য। তিনি বলেন, আমাদের এখানে থাকছে ঐতিহ্যবাহী ওরশ বিরিয়ানি, মেজবানি মাংস, চনার ডাল, নলার ঝোল, কালা ভুনা, মোরগ পোলাও এবং বোরহানি। এছাড়া তৃপ্তিদায়ক খাবারের পাশাপাশি পারিবারিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ রেস্টুরেন্টের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং খাবারের মান ও পরিবেশের প্রশংসা করেন। বায়েজিদ লিংক রোডের মনোরম প্রাকৃতিক পরিবেশে এই রেস্টুরেন্টটি দ্রুতই ভোজনবিলাসীদের কাছে একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হবে বলে আশা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, সাবেক সদস্য আকতার হোসেন মঞ্জু, মহানগর কৃষক দলের সদস্য সচিব সাবের আহমেদ টারজেন, বায়েজিদ থানা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক জানে আলম সোহেল, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুর রশিদ টিটু, রেস্টুরেন্টের স্বত্বাধিকারী নাজিম উদ্দীন হিরু, মহানগর যুবদলের সাবেক সহ সম্পাদক নুর জাহেদ বাবলু, বায়েজিদ থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. উসমান গনি, বিএনপি নেতা আমির হোসেন, সাজ্জাদ হোসেন, মো. ইউছুপ, হেলাল উদ্দিন মিয়া, পাঁচলাইশ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসমাইল মির্জা, জাহেদুল ইসলাম, মানিক হোসেন, খোরশেদ আলম, দিদারুল আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement