এসএসসি পরীক্ষার্থীদের প্রতি নগর বিএনপির শুভেচ্ছা ও নির্বিঘ্ন অংশগ্রহণের আহ্বান

8

চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সর্বাঙ্গীণ সফলতা কামনা জানানো হয়েছে। এক যৌথ বিবৃতিতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও মাননীয় সংসদ সদস্য জনাব এরশাদ উল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমান এ শুভেচ্ছা বার্তা প্রদান করেন।

Advertisement

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ ও দেশের অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি। তাদের মেধা, অধ্যবসায় ও সৃজনশীলতার বিকাশের মাধ্যমেই একটি সমৃদ্ধ, প্রগতিশীল ও সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। তাই পরীক্ষার্থীদের মানসিকভাবে দৃঢ় থেকে সুসংগঠিত প্রস্তুতি গ্রহণ এবং নির্ধারিত সময়ের পূর্বেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

অভিভাবকদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, সন্তানদের প্রতি সহমর্মিতা, মানসিক সমর্থন ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অপ্রয়োজনীয় চাপ পরিহার করে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখার জন্য অভিভাবকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

তীব্র গরম ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রেখে চট্টগ্রাম মহানগরের ৩৯টি পরীক্ষাকেন্দ্রে মহানগর বিএনপির উদ্যোগে পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য কেন্দ্রের বাইরে সুপরিকল্পিত বসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে অসহনীয় তাপদাহ মোকাবেলায় পরিবেশবান্ধব হাতপাখা ও বিশুদ্ধ পানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

এছাড়াও, উক্ত সকল কেন্দ্রের সার্বিক পরিস্থিতি তদারকির লক্ষ্যে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত শক্তিশালী মনিটরিং টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে, যা যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।

বিবৃতিতে আরও বলা হয়, পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ট্রাফিক বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা কামনা করা হচ্ছে, যাতে কোনো ধরনের বিঘ্ন বা ভোগান্তি ছাড়াই শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, সকল প্রতিকূলতা অতিক্রম করে পরীক্ষার্থীরা তাদের মেধার সর্বোচ্চ বিকাশ ঘটাবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Advertisement