সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে রেল লাইনে মেরামতের কাজ করার সময় ট্রেনে কাটা পড়ে মোঃ রফিকুল ইসলাম (৫৫) নামে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার সময় উপজেলার বাড়বকুণ্ড রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামের মৃত আমীর হোসেনের পুত্র।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম রেললাইনে মেরামতের কাজ করছিলেন। এ সময় রেলওয়ে স্টেশনের ডাউন লাইনে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই রাশেদ রানা বলেন, সকালে রেল লাইনে মেরামতের কাজ করছিলেন রফিকুল ইসলাম। এ সময় দুইটি ট্রেনের মাঝে পড়ে চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

















