সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে একটি তুলার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ (২৩ এপ্রিল) বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলালহাট বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন মো. শফিউল আলম শফির তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় গুদামসহ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে কাজ করার সময় হঠাৎ তুলার মেশিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে থাকা তুলার বস্তায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তুলার গোডাউনসহ তিনটি দোকানঘর ভস্মীভূত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শফিউল আলম বলেন, বেশ কয়েকটি এনজিও সংস্থা থেকে সাপ্তাহিক ও মাসিক কিস্তিতে সাত লাখ টাকার ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছিলাম। কিন্তু মুহূর্তের আগুনে তুলার গোডাউনসহ সব মালামাল পুড়ে গেছে। এতে আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মতিন্দ্র লাল ত্রিপুরা জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কেট থেকে আগুনের সূত্রপাত। ঘটনাস্থলের আশপাশে পুকুর বা পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে গিয়ে তাঁদের হিমশিম খেতে হয়েছে। ৫০০ ফুট দূরের একটি পুকুর থেকে পানি এনে আগুন নির্বাপণের কাজ করতে হয়েছে । এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন। এতে আশপাশে থাকা অর্ধকোটি টাকার দোকানপাট ও মালামাল রক্ষা করা সম্ভব হলেও আগুনে তুলার গোডাউন এবং গোডাউনের পাশে থাকা কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

















