সীতাকুণ্ড প্রতিনিধি: সরকার খাদ্য শস্যে স্বয়ংসম্পূর্নতা অর্জন করেছেন। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা অব্যহত রাখতে উচ্চফলনশীল রোপা আউশ ধানের আবাদ বৃদ্ধির উদ্দ্যোগ গ্রহন করেছেন। তারই অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৩ হাজার ২শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার কনফারেন্স রুমে আয়োজিত উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষকদের মাঝে ১ বিঘা উচ্চ ফলনশীল আউশ ধান আবাদের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ বলেন, এ ধরনের সরকারি সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকার সারা দেশে ১০ লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ কর্মসুচী হাতে নিয়েছেন। এরই অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. আলতাফ হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর, যুগ্ম আহ্বায়ক সালামত উল্লাহ, ছালে আহমেদ ছলু,সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সাংবাদিক সাইদুল হকসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ।

















