মহান মে দিবস

সীতাকুণ্ডে শ্রমিক কল্যাণ ফেডারেশন’র বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

58

সীতাকুণ্ড প্রতিনিধি: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

পহেলা মে শুক্রবার সকাল সাড়ে ৯টায় সীতাকুণ্ড পৌর সদরের হাসান গোমস্তা মসজিদের সামনের থেকে বিশাল র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে উত্তর বাজার ঘুরে আলীয়া মাদ্রাসার সামনে এসে শেষ হয়। র‍্যালীতে হাজারো মানুষ অংশ নেয়।

এর আগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। র‍্যালী শেষে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি মুঃ মিছবাহুল আলম রাসেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা আলাউদ্দীন সিকদার।

তিনি বলেন, শ্রমিক সমাজ একটি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের নিরলস পরিশ্রম, ঘাম ও ত্যাগের বিনিময়ে গড়ে ওঠে শিল্প-কারখানা, সচল থাকে উৎপাদন ব্যবস্থা এবং এগিয়ে যায় জাতীয় উন্নয়ন। একজন কৃষিশ্রমিক থেকে শুরু করে কারখানার শ্রমিক, নির্মাণশ্রমিক কিংবা পরিবহন খাতের কর্মীরা-সবার সম্মিলিত প্রচেষ্টায় অর্থনীতির চাকা সচল থাকে। তবে দুঃখজনক হলেও সত্য, এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সত্ত্বেও অনেক শ্রমিক এখনও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।

তিনি আরো বলেন ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। শ্রমিকদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক শ্রমিকনেতা জসিম উদ্দিন আজাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মো. তাহের, উপজেলা সহ-সভাপতি আবেদ শাহ, সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী ও ইব্রাহিম খলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নেছার আহমেদ, উপজেলা হোটেল সেক্টরের সভাপতি সমির উদ্দিন, সীতাকুণ্ড পৌর সভাপতি মাহমুদুল করিম, পৌর সেক্রেটারি মাহমুদুল করিম ফারহান, উপজেলা নির্বাহী সদস্য অধ্যাপক নিজামুদ্দিন, বেলায়ত হোসেন, জাহাঙ্গীর আলম ও ইসমাইল চৌধুরী এবং কার্যনির্বাহী সদস্য ইলিয়াস শাহ ও শওকত আকবর সজীব।

উপজেলার বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক শ্রমিক সমাবেশে অংশগ্রহণ করেন।

Advertisement