চট্টগ্রামে মে দিবসে সাংবাদিক সমাবেশ

5

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজনৈতিক প্রশাসনিক পটপরিবর্তনে কারাবন্দি হওয়া সাংবাদিকদের মুক্তির দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ। একইসাথে ২৪ এর ৫ আগস্টের পর চট্টগ্রামসহ সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও অযৌক্তিক মামলা প্রত্যাহারের দাবীও জানান তাঁরা।

Advertisement

মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শুক্রবার (১ মে) সকালে নগরীর চেরাগি পাহাড় মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ এসব দাবী বলেন।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুর শুভ’র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, ক্ষমতাসীন বিএনপি সরকার ও বিরোধীদলের দোহাই দিয়ে একটি ক্ষুদ্র চক্র ঐতিহ্যবাহী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন তালাবদ্ধ ও চট্টগ্রাম প্রেসক্লাব এবং বিএফইউজে ডিইউজে সহ সাংবাদিক ইউনিয়নের কার্যালয়গুলো দখল করে রেখেছে। এতে করে শুধু উল্লেখিত দলগুলোর ভাবমূর্তিই ক্ষুন্ন হচ্ছে না, স্বাধীন ও নির্মোহ সাংবাদিকতার পথও রুদ্ধ হচ্ছে। চট্টগ্রামের সাংবাদিক সমাজ এই অবস্থা থেকে পরিত্রাণ চায়।

এই বিষয়ে সরকারকে আরো উদ্যোগী হওয়ার আহবান জানিয়ে অবিলম্বে সাংবাদিকদের জন্য দশম ওয়েজবোর্ড গঠনের জোর দাবি জানান তাঁরা।

সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ক্ষমতার পালাবদল কালে সারাদেশে নির্বিচারে পুলিশ ও সাংবাদিক হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। তিনি দেশের পরীক্ষিত সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক নেতৃবৃন্দকে গ্রেপ্তার ও চাকরিচ্যুতির নিন্দা জানান।
জাতীয় প্রেসক্লাব ও চট্টগ্রাম প্রেসক্লাবকে জিম্মি মুক্তি এবং বিএফইউজ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে কার্যালয় খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও তথ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সিইউজে সভাপতি।

তিনি প্রেস কাউন্সিল, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট , প্রেস ইনস্টিটিউট সহ সাংবাদিকদের প্রতিষ্ঠানগুলোতে ন্যায্যতম বৈষম্যহীন ভাবে রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরের প্রতিনিধিত্ব দাবি করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজের সিনিয়র সহ-সভাপতি স. ম ইব্রাহিম, সাবেক সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম ও সিইউজের নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম।

উপস্থিত ছিলেন সিইউজের সহ-সভাপতি সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক সোহেল সরওয়ার, প্রাক্তন অর্থ সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক হাউজিং কো-অপারেটিভ সোসাইটির সাবেক চেয়ারম্যান স্বপন মল্লিক, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, দি ডেইলি স্টার এর সাবেক ব্যুরো প্রধান শিমুল নজরুল, দৈনিক খবরের কাগজের ব্যুরো প্রধান ও সিইউজে সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম ইফতেখারুল ইসলাম, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শফিক আহমেদ সজিব, বণিক বার্তার সিনিয়র রিপোর্টার সুজিত সাহা, দৈনিক আজাদীর সাবেক সিনিয়র রিপোর্টার ঋত্বিক নয়ন, চ্যানেল ২৪ এর প্রতিবেদক রনি দত্ত, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রেজা মুজাম্মেল, জাগো নিউজের ব্যুরো ইনচার্জ ইকবাল হোসেন, প্রথম আলোর ফটোসাংবাদিক জুয়েল শীল, সিইউজের সদস্য চম্পক চক্রবর্তী, অনুজ দেব বাপু, রাহুল দাশ নয়ন, কাউসার ইকবাল, ফটোসাংবাদিক নিপুল কুমার দে, এম এ হান্নান কাজল, কমল দাশ, রঞ্জিত শীল, সিইউজের সদস্য বিশ্বজিৎ পাল, দৈনিক পূর্বদেশের সহ-সম্পাদক শফিকুল ইসলাম খান, দৈনিক পূর্বকোণের রাজীব রাহুল, মোঃ রুবেল ও মনির ফয়সাল, টিভি ক্যামেরা জার্নালিস্ট তারাচরণ দাশ, আলোকচিত্র সাংবাদিক আসিফ ইকবাল, হান্নান হীরা প্রমুখ।

Advertisement