হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান ফয়সাল হত্যাকাণ্ডের ১৪ দিন পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্ত জুয়েল গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবার ও এলাকাবাসী।
শুক্রবার (১ মে) বিকেলে সরকারহাট এলাকায় ফয়সালের পরিবার ও স্থানীয়দের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ফয়সালের মা অভিযোগ করে বলেন, “আমার দুই বছরের নাতনিকে এতিম করেছে, আমাকে মা ডাক শোনা থেকে বঞ্চিত করেছে। সেই জুয়েল এখনো ধরা ছোঁয়ার বাইরে কেন?” তিনি দাবি করেন, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় নিজ ঘর থেকে ডেকে নিয়ে গাড়ি চাপা দিয়ে তার ছেলেকে হত্যা করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, এর আগেও হত্যাকাণ্ডে জড়িত থাকলেও জুয়েলের বিচার না হওয়ায় সে আরও বেপরোয়া হয়ে উঠেছে। এমন দুঃসাহসী খুনিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
মানববন্ধনে ফয়সালের মামা পাবেল বলেন, “শান্তশিষ্ট ফয়সালকে হত্যা করা হলেও অভিযুক্ত এখনো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলেও ১৪ দিনেও তা বাস্তবায়ন হয়নি।” তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
মানববন্ধন থেকে এলাকাবাসী দ্রুত জুয়েলসহ জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরে বিক্ষুব্ধ জনতা টায়ার জ্বালিয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জুয়েলকে গ্রেফতারের আশ্বাস দেন। তার আশ্বাসের পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা এবং ২৪ ঘন্টার মধ্যে জুয়েলকে গ্রেফতার করা না হলে আবারও রাস্তায় নামবে বলে জানান নিহতের পরিবার।
এসময় বক্তব্য রাখেন নিহতের চাচা আবুল কাশেম জুনু, শ্বাশুড়ি, এলাকাবাসীর পক্ষে অব: লেফটেন্যান্ট কর্ণেল দিদারুল আলম (পিএসসি), আনোয়ার প্রমুখ।

















