হাজারতম ওয়ানডেতে মিনহাসের রেকর্ড গড়া অভিষেকে পাকিস্তানের জয়

27

অস্ট্রেলিয়ার টপ অর্ডার থেকে মিডল অর্ডার ভেঙে দিলেন আরাফাত মিনহাস। অভিষেকেই দুর্দান্ত বোলিং করলেন এই বাঁহাতি স্পিনার। প্রথম পাকিস্তানি হিসেবে ওয়ানডে অভিষেকেই পাঁচ উইকেট পেলেন তিনি। তার বিধ্বংসী বোলিং সামলে ম্যাথু শর্ট ও ম্যাট রেনশ ফিফটি করে স্কোর দুইশতে নেন। তারপর বাবর আজম ও গাজী ঘোরির হাফ সেঞ্চুরিতে পাঁচ উইকেটে জেতে পাকিস্তান।

Advertisement

ভারত ও অস্ট্রেলিয়ার পর তৃতীয় দল হিসেবে ওয়ানডেতে হাজারতম ম্যাচ খেলতে নেমেছিল পাকিস্তান। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় তারা। শাদাব খান (৬.৭৫) ছাড়া অন্য বোলারদের ইকোনমি রেট ছিল পাঁচের নিচে। মিনহাস ১০ ওভার বল করে ১ মেডেনসহ ৩২ রান দিয়ে পাঁচ উইকেট নেন।

সপ্তম ওভারে অ্যালেক্স ক্যারিকে (১৯) ফিরিয়ে ৩৪ রানের জুটি ভাঙেন আবরার আহমেদ। তারপর ১৪তম ওভারে জোড়া আঘাত করেন মিনহাস। পরের ওভারে ক্যামেরুন গ্রিনকেও ফেরান তিনি।

৬৮ রানে চার উইকেট হারানোর পর শর্ট ও রেনশর ৫৫ রানের জুটিতে প্রতিরোধ গড়েছিল অস্ট্রেলিয়া। শর্ট ৫৫ রানে মিনহাসের শিকার হন। নাথান এলিসকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট পান তিনি। এর আগে ইনিংস সেরা ৬১ রানে রেনশ আবরারের কাছে বোল্ড হন। ৪৫তম ওভারের প্রথম বলে অলআউট হয় সফরকারীরা।

লক্ষ্যে নেমে ৪৯ রানের মধ্যে মাজ সাদাকাত ও সাহিবজাদা ফারহান ফিরে গেলে বাবর ও গাজীর শতাধিক রানের জুটিতে সহজ জয়ের ভিত গড়ে স্বাগতিকরা। ১২৭ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন বাবর। ৬৯ রান করেন তিনি ৯৪ বলে চার চার ও এক ছয়ে। তার পরে গাজীও ৬৫ রানে এলিসের শিকার হন।

সালমান আগা (৬) ইনিংস বড় করতে পারেননি। মিনহাস ১৮ রানে অপরাজিত থেকে আব্দুল সামাদকে নিয়ে পাকিস্তানকে জয়ের বন্দরে ভেড়ান। ৪২.৩ ওভারে ৫ উইকেটে ২০২ রান করে তারা।

Advertisement