সাতকানিয়া প্রতিনিধি: বিদ্যুৎ অপচয় রোধ এবং সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান ও শপিং মল খোলা রাখায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে মোবাইল কোর্ট পরিচালনা করেছে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯ ঘটিকার সময় অভিযানে বিদ্যুৎ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্দেশ মোতাবেক রাত ৮টার পর শপিং মল ও দোকানপাট বন্ধ রাখার নিয়ম থাকলেও কেরানীহাটের বেশ কিছু বড় মার্কেট ও শোরুম রাত ৯টার পরও খোলা রেখে বিদ্যুৎ অপচয় করছিল। গোপন সংবাদের ভিত্তিতে কেরানীহাটে এই অভিযান চালানো হয়।
এসময় মান্নান টাওয়ারের মালিক পক্ষকে ২০,০০০ টাকা, নিউ মার্কেটের মালিক সমিতিকে ২০,০০০ টাকা, এবং ২টি ইলেকট্রিক ও ০১টি কাপড়ের শোরুমকে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান জানান, দেশের চলমান বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপচয় রোধে সরকারের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। নির্ধারিত সময়ের পর অযথা লাইট জ্বালিয়ে বিদ্যুৎ অপচয়কারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। তিনি সবাইকে সচেতন হওয়ার এবং সরকারি আইন মেনে চলার আহ্বান জানান।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















