চট্টগ্রামে সড়কের নিচ থেকে গ্যাস বের হয়ে আগুন!

26

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকার জাকির হোসেন সড়কে হঠাৎ সড়কের নিচ থেকে গ্যাস বের হয়ে আগুন ধরে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার দুপুর ১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সড়কের নিচ থেকে গ্যাস বের হতে দেখা যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে আগুন জ্বলে ওঠে এবং দাউ দাউ করে আগুনের শিখা জ্বলতে থাকে। এতে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যানবাহন চলাচলেও সতর্কতা অবলম্বন করা হয়।

ঘটনাস্থলে দেখা যায়, সড়কের পাশ দিয়ে থাকা একটি নালার ভেতর দিয়ে গ্যাসের পাইপলাইন গেছে। ধারণা করা হচ্ছে, পাইপলাইনে ফাটল ধরার কারণে গ্যাস বের হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সাইফুল বলেন, সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির বাতি বিস্ফোরিত হওয়ার পর আগুনের ফুলকি নিচে পড়ে এবং এরপরই আগুন জ্বলে ওঠে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী জানিয়েছেন, কীভাবে পাইপলাইনে ফাটল সৃষ্টি হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।

Advertisement