জেলা ক্রীড়া সংস্থাকে ফ্যাসিবাদের দোসর থেকে মুক্তি এবং নির্বাচনে অযোগ্য করার দাবি

4

চট্টগ্রামে জেলা ক্রীড়া সংস্থাকে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের কাছ থেকে মুক্তি এবং নির্বাচনে অযোগ্য করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর বৈষম্য বিরোধী ছাত্র সমাজ।

Advertisement

আজ মঙ্গলবার দুপুরে জেলা স্টেডিয়ামের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এসময় মানববন্ধন কর্মসূচি থেকে ৪ দফা দাবি উপস্থাপন করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র সমাজের বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসর এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে কেন্দ্র করে সক্রিয় রয়েছে। যা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ কোন ভাবেই মেনে নেবে না। ২৪ এর ৫ আগস্টের পর জেলা ক্রীড়া সংস্থায় আওয়ামী সন্ত্রাসীদের গডফাদার আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ও আওয়ামী সন্ত্রাসীরা পলাতক ছিল। কিন্তু বিগত কয়েকমাস ধরে স্বৈরাচারের এসব দোসররা আবারো এই স্টেডিয়াম পাড়ায় সক্রিয় হতে দেখা যাচ্ছে। আওয়ামী দোসর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ সাহাবুদ্দিন শামীম, সৈয়দ আবুল বশরসহ অনেকে রয়েছে যারা এখানে নানা অপকর্মের পরিকল্পনা করছে।

মানববন্ধন থেকে অনতিবিলম্বে, এসব আওয়ামী দোসরদের সরাতে হবে বলেও জানান তারা। আর তা নাহলে দোসর মুক্ত সিজেকেএস গড়ে তুলতে ক্রীড়া সংস্থার অফিস ঘেরাও সহ নানান কর্মসূচি কথাও জানান।

পরে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ মহানগরের পক্ষ থেকে সিজেকেএস বর্তমান এডটক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দীনকে স্মারকলিপি প্রদান করে ছাত্র সমাজের একটি প্রতিনিধি দল।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সাবেক যুগ্ম সদস্য সচিব শহিদুল ইসলাম সজিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জুলাই যোদ্ধা আবদুল্লাহ আল সাহেদ, মোহাম্মদ আবিদ, রাকিবুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Advertisement