জন্ম নিবন্ধন সংশোধনের নামে অর্থ আদায়, কৃষকদল নেতা মশিউর শোকজ

4

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে জন্ম নিবন্ধন সংশোধনের নামে দুই অসহায় নারীর কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে অর্থ নেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় কৃষক দলের এক ইউনিয়ন সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে এক সপ্তাহের জন্য দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

Advertisement

শুক্রবার (৭ আগস্ট) রাতে মিরসরাই উপজেলা কৃষক দলের সভাপতি মো. আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক স্বাক্ষরিত এক কারণ দর্শানোর নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নোটিশে বলা হয়, অভিযুক্ত মশিউর রহমান মিরসরাই উপজেলা কৃষক দলের অধীনস্থ ৯ নম্বর সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি। তাঁর বিরুদ্ধে জন্ম নিবন্ধন সংশোধন করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই অসহায় নারীর কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে অর্থ নেওয়ার অভিযোগ ওঠে। পরে উপজেলা কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে অভিযোগটি তদন্ত করা হলে এর সত্যতা পাওয়া যায়।

নোটিশে আরো বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক নীতি ও দলের ভাবমূর্তির পরিপন্থী। এ কারণে মশিউর রহমানকে এক সপ্তাহের জন্য দলীয় সব পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এ ছাড়া কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশ জারির তারিখ থেকে এক সপ্তাহের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। একই সময়ের মধ্যে বারইয়ারহাটস্থ উপজেলা কৃষক দলের অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মিরসরাই উপজেলা কৃষক দলের সভাপতি মো. আশরাফ উদ্দিন বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার মতো কোনো অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সাংগঠনিক বিধি অনুযায়ী অভিযুক্তকে শোকজ করা হয়েছে এবং সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement