চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি আজ ৯ আগস্ট রোববার সকাল ৯টায় চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইমাজেন্সী বিভাগ,আউটডোর, ইনডোর, আইসিইউ, এইচডিইউ ইউনিট ও বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেছেন। জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মোঃ একরাম হোসেন ও আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ আশিক আমানকে সাথে নিয়ে তিনি হাসপাতাল পরিদর্শনে যান।
পরিদর্শনকালে হাসপাতালে কর্মরত চিকিৎসক-নার্স ও কর্মচারীরা সঠিক সময়ে উপস্থিত হয় কি না সে বিষয়টি তদারকির পাশাপাশি চিকিৎসার জন্য হাসপাতালে আগত ও ভর্তি থাকা রোগীদের সাথে কথা বলে তাদের সুচিকিৎসার খোঁজ-খবর নেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।
এসময় তিনি বলেন, জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করতে টিম জেনারেল হাসপাতালকে আন্তরিক হতে হবে। হাসপাতালে আগত রোগীরা যাতে তাদের কাঙ্খিত চিকিৎসাসেবা পায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। হাসপাতালের জনবল নিয়োগ ও লজিস্টিক সাপোর্টের বিষয়ে গুরুত্বারোপ করেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি।
















