চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৭৮ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ভোলার বাড়ির মৃত নূর আহমদের ছেলে মোহাম্মদ হাসান বাদী হয়ে আনোয়ারা থানায় এই মামলাটি দায়ের করেন। মিছিলে নেতৃত্বদানকারী চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমানকে (৩২) এ মামলায় প্রধান আসামি করা হয়েছে।
গ্রেপ্তারকৃত দুজন হলেন— চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারি এলাকার বাসিন্দা সরওয়ার কামালের ছেলে মো. সাইমন ইসলাম প্রকাশ অভি (২৩) এবং আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের আমান উল্ল্যাহ পাড়া এলাকার বাসিন্দা শামসুল হুদার ছেলে আব্দুর রহিম উদ্দীন (৪২)।
মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা পিএবি সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এতে অভিযোগ করা হয়, অভিযুক্তরা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমকে উৎসাহিত করার উদ্দেশ্যে মিছিলে উসকানিমূলক স্লোগান দিয়ে দেশের সার্বভৌমত্ব বিপন্ন করা, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং বর্তমান সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। আনোয়ারা ছাড়াও বাঁশখালী, চন্দনাইশ ও বোয়ালখালী উপজেলার বিভিন্ন ব্যক্তি এই মামলার আসামি।
মামলার এজাহারে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের একান্ত সহকারী সচিব (পিএস) রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাদা মহিউদ্দিন, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন শরীফ, উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বিভিন্ন উপজেলা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাসহ মোট ৭৮ জনের নাম নির্দিষ্ট করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিলের ৫৭ সেকেন্ডের একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমান তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করেন।
এছাড়া চলতি বছরের ১৫ আগস্ট ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আনোয়ারা কলেজ সড়কে একটি ঝটিকা মিছিল বের করেছিল ছাত্রলীগ, যে ঘটনায় পরদিন আনোয়ারা থানায় নাশকতার অভিযোগে ৪৫ জনের নাম উল্লেখ করে আরেকটি মামলা হয়েছিল।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের ভিডিও ফেসবুকে প্রচারের পর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ মিছিলের ভিডিও দেখে দুইজনকে গ্রেপ্তার করে। পরে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
















