শহীদ জিয়ার মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল

শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ছিল জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা: এরশাদ উল্লাহ

42

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীরা।

Advertisement

আজ সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় রাঙ্গুনিয়াস্থ শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি, সদস্য সচিব নাজিমুর রহমান, সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদ উল্লাহ এমপি বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন ধারার সূচনা করেন। তাঁর লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি শক্তিশালী ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলা। গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হয়ে পড়ার সময়ে তিনি বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করেন। পরবর্তীতে বিএনপি দেশ ও জাতির স্বার্থে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে যায় এবং ১৯৯১ সালে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে। এখন গণতন্ত্রকে আরও সুসংহত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সময় এসেছে। আইনের শাসন, মতপ্রকাশ, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও নাগরিক অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলায় অনেক প্রতিকূলতা এসেছে। দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন হয়েছে, নানা সংকট তৈরি হয়েছে কিন্তু জনগণের ভালোবাসা ও সমর্থনের কারণে বিএনপি বারবার ঘুরে দাঁড়িয়েছে। কারণ বিএনপি কোনো ব্যক্তির স্বার্থের দল নয়, এটি দেশের মানুষের অধিকার ও আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত একটি রাজনৈতিক সংগঠন।

নাজিমুর রহমান বলেন, গণতন্ত্রের সুফল সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হলে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে জনগণের কাছে জবাবদিহির আওতায় আনতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন একটি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাঁর আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামের পথ অনুসরণ করে বিএনপির বর্তমান নেতৃত্বের অধীনে একটি শান্তি, ন্যায় ও গণতন্ত্রভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই হোক প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার।

আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মুবিন ও মনজুর আলম মঞ্জু।

মহানগর বিএনপির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসকান্দর মির্জা, মুজিবুল হক, খোরশেদ আলম, কামরুল ইসলাম, ছৈয়দ শিহাব উদ্দিন আলম, মোহাম্মদ আবু মুসা, মোহাম্মদ আজম, মো. জাফর আহম্মদ, আশ্রাফুল ইসলাম ও মোহাম্মদ ইউছুপসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া ও মিলাদ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

Advertisement