সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

124

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

Advertisement

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সীতাকুণ্ড পৌরসভা এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে লায়ন আসলাম চৌধুরী এবং কাজী সালাউদ্দিন গ্রুপ পাল্টা পাল্টি কর্মসূচির আয়োজন করে। এতে করে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে উপজেলার মুন স্টার কমিউনিটি সেন্টারে উভয় গ্রুপ জমায়েতের ডাক দেয়। সকাল থেকে লায়ন আসলাম চৌধুরী গ্রুপের অনুসারীরা মুন স্টার কমিউনিটি সেন্টার মাঠে অবস্থান নেন।

অপরদিকে কাজী সালাউদ্দিনের অনুসারীরা অবস্থান নেন পৌর সদরের হাসান গোমস্তা মসজিদ এলাকায়।

আসলাম চৌধুরী অনুসারীরা দুপুর একটার দিকে মিছিল নিয়ে পৌর সদরের দিকে আসলে হাসান গোমস্তা মসজিদের সামনে আসলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় উভয় গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বেশ কয়েকটি কটকেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

অপরদিকে কাজী সালাউদ্দিনের অনুসারীরা বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এসময় মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে কাজী সালাউদ্দিনের অনুসারী এবং কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ শামসুদৌহা বলেন, কাজী সালাউদ্দিনের অনুসারীদের উপর হামলার প্রতিবাদে নেতাকর্মীর দুপুর দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত দেড় ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিল্টন মন্ডল বলেন, বাঁশবাড়িয়া এলাকায় বিএনপির নেতাকর্মীরা দুপুর দুইটার দিকে মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এসময় উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে দুই গ্রুপ পৃথক কর্মসূচির আয়োজন করে। দুপুরে মুন স্টার কমিউনিটি সেন্টার থেকে একটি গ্রুপ মিছিল নিয়ে পৌর সদরের দিকে আসলে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়।

Advertisement