সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনে অবস্থিত বিসিজি স্টেশন ভাটিয়ারী।
মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারি গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। বুধবার সকালে জব্দকৃত সার সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত সারের মূল্য প্রায় ১৪ লাখ ৩৫ হাজার টাকা।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, কুমিরা ঘাটঘর এলাকায় একটি বোটে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ সার পড়ে থাকতে দেখা যায়। পরে অভিযান চালিয়ে বোটটি থেকে ৪১০ বস্তা সার উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযান চলাকালীন সন্দেহজনক ১টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত ১টি বোট জব্দ করা হয়েছে। এ সময় চোরাকারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, উদ্ধার করা সারের মালিকানা ও উৎস সম্পর্কে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
















